২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে অঘটনের স্বপ্ন আমিরাতের

নিউ জিল্যান্ডের ছোট্ট শান্ত শহরে উত্তেজনার লেশ নেই, আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়কের কথায় নেই ভয়ের কোনো চিহ্ন। তবে প্রায় দুই দশক পর আবার বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়রা ঠিকই রোমাঞ্চিত। এমনকি অঘটন ঘটানোর স্বপ্নও দেখছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 04:04 PM

Updated : 12 Oct 2022, 03:18 PM

বৃহস্পতিবার বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভাল মাঠে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে জিম্বাবুয়ে-আমিরাত ম্যাচ।

এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে দল। আর এই আত্মবিশ্বাস তারা সঞ্চয় করে নিয়েছে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচ থেকে। ব্যাটিং আর বোলিং, দুই বিভাগেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের কাঁপিয়ে দেয় তারা।

এর আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় নিয়ে বিশ্বকাপে আসে জিম্বাবুয়ে। সেই ম্যাচে অপরাজিত ১১৭ রান করা হ্যামিল্টন মাসাকাদজা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ৭৪ বলে ৮০ রান।

জিম্বাবুয়ের নকআউট পর্বে খেলার বড় ভরসার নাম মাসাকাদজাই। অঘটনের স্বপ্ন পূরণ করতে হলে জিম্বাবুয়ের এই ব্যাটসম্যানকে থামাতে হবে আমিরাতকে।

কাজটা খুব যে একটা সহজ হবে না, সেটা বোঝা যায় গত বিশ্বকাপগুলোয় সহযোগী দেশগুলোর বিপক্ষে জিম্বাবুয়ের পরিসংখ্যান দেখে। গত বিশ্বকাপে সহযোগী দুই দেশ কানাডা ও কেনিয়ার বিপক্ষে বড় জয় পায় তারা।

জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরার কথায়ও ভালোভাবে জেতার প্রত্যয়।  

"ফলটা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) আমাদের পক্ষে যায়নি। কিন্তু প্রথম ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু নিতে পারি আমরা।"

সবকিছু জেনেও অঘটনের স্বপ্ন দেখছে আমিরাত। দলের সবার মনের কথাটা বলে দেন অধিনায়ক মোহাম্মদ তৌকির।

"টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কমপক্ষে দুটি জয়ের জন্য উন্মুখ হয়ে আছি আমরা। এটাই আমাদের লক্ষ্য।"

এই লক্ষ্য পূরণের অভিযানের শুরুটা জিম্বাবুয়েকে দিয়ে করতে চায় আমিরাত। আর এ ক্ষেত্রে তাদের বড় ভরসার নাম খুররম খান। পাকিস্তানে জন্ম নেওয়া আমিরাতের এই ব্যাটসম্যান এই বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার।

কোচ আকিব জাভেদের চেয়েও এক বছরের বড় খুররম এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এলেন। তবে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। মেলবোর্নে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৮৬ রান করে দেশকে ভালো কিছু এনে দেয়ার ইঙ্গিতও দেন খুররম।