ভুলের দণ্ড আফগানিস্তানের সেনওয়ারির
ভুল করার দণ্ড পেয়েছেন সামিউল্লাহ সেনওয়ারি। বোলিংয়ের ফলো থ্রুতে উইকেটের বিপজ্জনক এলাকায় এসে পড়ায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বল করায় নিষিদ্ধ হন আফগানিস্তানের এই স্পিনার।
বাংলাদেশের ইনিংসের ৩১তম ওভারে বল করতে আসেন সেনওয়ারি। এই ওভারের শেষ বলটি ডেলিভারি দেয়ার পর স্টাম্পের ঠিক সামনে চলে আসেন তিনি। বিপজ্জনক এই এলাকায় আসার জন্য আম্পায়ার স্টিভ ডেভিস তাকে সতর্ক করে দেন।
৩৩তম ওভারের প্রথম বলে আবার একই কাজ করেন সেনওয়ারি। সঙ্গে সঙ্গে আম্পায়ার বলে দেন, তিনি আর এই ম্যাচে বল করতে পারবেন না।
সেনওয়ারির ওভার শেষ করেন অফস্পিনার জাভেদ আহমাদি। লেগস্পিনার সেনওয়ারি ১.১ ওভারে ২ রান দেন।
