৪৩ বছর বয়সে বিশ্বকাপ স্বপ্নপূরণ!
ক্রিকেটে ধৈর্য্যের প্রতিদান মেলে, এমনকি আকর্ষণীয় ওয়ানডে সংস্করণেও। ঠিক যেমন খুররম খান প্রতিদান পেয়েছেন। অনেক অপেক্ষা আর সাধনার পর বিশ্বকাপে খেলতে নামছেন সংযুক্ত আরব আমিরাতের এই ব্যাটসম্যান।
বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য অবশ্য পাকিস্তানে জন্ম নেয়া খুররমের মতো এত অপেক্ষা খুব কম ক্রিকেটারেরই করতে হয়েছে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে খেলতে আসা খুররমের বয়স ৪৩ বছর পেরিয়ে ২৪১ দিন।
আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকিরের বয়স ৪৩ বছর ৩৪ দিন। এবারের বিশ্বকাপে এই দুজনই সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
বিশ্বকাপের অন্য সব দলের মতো নয় আমিরাত। শখের ক্রিকেটারদের নিয়েই দল গঠন করতে হয়েছে তাদের। চাকরি করার ফাঁকে ফাঁকেই ক্রিকেট অনুশীলন করেন আমিরাতের ক্রিকেটাররা।
দেশটিতে ক্রিকেট খেলা আর অনুশীলন করা সহজ কোনো কাজ নয়, তাই দৃঢ়প্রতিজ্ঞরাই কেবল টিকে থাকে। এমিরেটস এয়ারলাইন্সের 'ফ্লাইট পার্সার' খুররম তাই অবসর নেওয়ার কথা ভেবেছেন। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে তা করেননি তিনি।
আমিরাত এর আগে একবারই বিশ্বকাপ খেলেছে, তাও প্রায় দুই যুগ আগে, ১৯৯৬ সালে। ১৯৯৯ সালে পাকিস্তান থেকে আমিরাতে চলে যাওয়া খুররমের ওয়ানডে অভিষেক হয় ২০০৪ সালে। আন্তর্জাতিক মর্যাদা পাওয়া ওয়ানডে খেলেছেন মাত্র ১০টি।
ধৈর্য্য হারাননি খুররম। তার এই সাধনার ফলও পেলেন। আমিরাতকে বিশ্বকাপে তুলতে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন তিনিই। নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৭২.৬২ গড়ে সর্বোচ্চ ৫৮১ রান করেন তিনি।
গত বছরের নভেম্বরে রেকর্ড বইয়ের একটি পাতায় নিজের নামটি লিখিয়ে নেন খুররম। সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে শতক করা ক্রিকেটার এখন তিনিই। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ১৩২ রান করে এই তালিকায় সনাৎ জয়াসুরিয়া, জিওফ বয়কট ও শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলেন খুররম।
গত এক দশক ধরে আমিরাতকে নেতৃত্ব দেয়া খুররমকে তার পদ থেকে সম্প্রতি সরিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। আমিরাতে জন্ম নেওয়া কারও হাতে নেতৃত্বভার তুলে দেওয়াই ছিল এর কারণ। তৌকিরকে অধিনায়ক করলেও খুররমকে সহ-অধিনায়ক পদে রাখে তারা।
এ নিয়ে কোনো আক্ষেপ নেই খুররমের। স্বপ্ন পূরণের আনন্দেই বুঁদ হয়ে আছেন তিনি। অস্ট্রেলিয়ায় পা রেখেই নিজের সেই আনন্দের কথা জানান খুররম।
"আমি এটা বুঝতে পেরেছি। এখানে (বিশ্বকাপে) থাকতে পেরেই আমি খুশি।"
