১০ নম্বরে নেমে শহীদের শতক
১০ নম্বরে নেমে শতক পেয়েছেন মোহাম্মদ শহীদ। মার্শাল আইয়ুবের পর তার এই শতকে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে বিপদে পড়েছে চট্টগ্রাম।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান। এখনো ৩৯৮ রানে পিছিয়ে আছে তারা।
তাসামুল হক ৪৩ ও নাঈম ইসলাম জুনিয়র ১ রানে ব্যাট করছেন।
শূন্য রানে ফিরেন জসিম উদ্দিন ও ইরাফন শুক্কুর। ইয়াসির আলী ২৭ ও নাজিম উদ্দিন ১৪ রানে বিদায় নেন।
ঢাকা মেট্রোর সৈকত আলী ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নেন।
মঙ্গলবার বিকেএসপির দুই নম্বর মাঠে ৬ উকেটে ২৯০ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা মেট্রো।
শুরুতেই ফিরে যান অধিনায়ক মার্শাল (১১৩)। এরপর শরীফ উল্লাহ (৪৫) বিদায় নিলে ৩৮২ রানে নয় উইকেট হারিয়ে ফেলে ঢাকা মেট্রো।
দশম উইকেটে আসিফ হাসানের সঙ্গে ১১৪ রানের জুটি গড়ার পথে শতকে পৌঁছান শহীদ (১০২)। তার ১১০ বলের ইনিংসটি ৭টি ছক্কা ও ৮টি চার সমৃদ্ধ।
প্রথম ইনিংসে ৪৯৬ রান করে ঢাকা মেট্রো।
চট্টগ্রামের নুর হোসেন ৬ উইকেট নেন ১৫০ রানে।
