২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের সামনে নড়বড়ে উইন্ডিজ

আইরিশদের পিঠে 'পুচকে' তকমা সাঁটা আছে। কিন্তু দলটির কিন্তু বিশ্বকাপে 'দৈত্য' বধের উদাহরণ আছে। আর এই বিশ্বকাপে প্রথম ম্যাচে নড়বড়ে অবস্থায় থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে অঘটন ঘটানোর স্বপ্ন দেখতেই পারে আয়ারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2015, 04:02 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

পুরনো খবর:

'আইরিশদের উইন্ডিজ জয় বিস্ময় হবে না'

সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ডের ম্যাচ।

পরাশক্তির প্রতিবেশী হিসেবে ক্রিকেটটা আইরিশদের কাছে নতুন নয়, তাদের অনেক ক্রিকেটারই খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে ২০০৭ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

২০০৭ সালে বিশ্বমঞ্চে পা রেখেই চমক দেখায় আয়ারল্যান্ড। বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় সেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানের। এরপর সুপার এইটে বাংলাদেশকে হারায় তারা।

দৈত্য-বধের ঐতিহ্য ২০১১ সালেও অব্যাহত রাখে আয়ারল্যান্ড। এবার প্রতিবেশী ইংল্যান্ডকে নাকানি-চুবানি দেয় তারা।

অনেকেই মনে করেন, এই বিশ্বকাপেও আইরিশরা তাদের ঐতিহ্য ধরে রাখবে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বাজে ফর্ম আর তাদের ক্রিকেটে চলা বিতর্কের কথা চিন্তা করে কেউ কেউ মনে করছেন, আয়ারল্যান্ডের অভিযানই এবার শুরু হতে পারে দৈত্য বধ করে।

আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডও জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার প্রত্যয়ের কথা বলেন। তবে একটা ব্যাপারে অন্য সবার সঙ্গে দ্বিমত আছে তার। ক্রিকেট পণ্ডিত থেকে সাধারণ সমর্থকরা বলছেন, আইরিশদের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার হবে অঘটন; আর এটা হলে পোর্টারফিল্ডের কাছে সেটা স্বাভাবিক ঘটনাই হবে।

"(আমরা জিতলে) এটা বিস্ময় হবে বলে আমি মনে করি না। আমি মনে করি, আমরা প্রত্যেক ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি এবং ম্যাচ জিততেই নামব।"

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে হারলেও বাংলাদেশের বিপক্ষে জিতে পর্যাপ্ত আত্মবিশ্বাস সঞ্চয় করে নিয়েছে আয়ারল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য মোটেই ভালো নয় আইরিশদের। দুই দল ৫টি ম্যাচ খেলেছে-এর মধ্যে চারটিই জেতে ওয়েস্ট ইন্ডিজ, বাকি ম্যাচটির ফল হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার অবশ্য অতীতে ডুব না দিয়ে সাম্প্রতিক সময়ে দুই দলের অবস্থা বিশ্লেষণ করে সতর্ক থাকতে চান। আর এ কারণেই প্রতিপক্ষের প্রতি সমীহ আছে তার।

"তাদের বিপক্ষে আমরা একটা সিরিজ খেলেছি এবং সেটা আমাদের জন্য ভালোই ছিল। আমরা কয়েক বছর ধরে তাদের কিছু খেলোয়াড় দেখে আসছি। তাদের ছোট করে দেখা যাবে না।"