২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে চাপ নিতে নারাজ ধোনি

পাকিস্তানের বিপক্ষে লড়াইটাকে ‘আর সব ম্যাচের’ মতোই নিতে চান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বড় ম্যাচের চাপ এড়ানোর জন্যই বিষয়গুলো এভাবে ভাবার কথা জানান বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2015, 11:15 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

অ্যাডিলেইডে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ধোনির দল। উপমহাদেশের ক্রিকেটের এই পুরোনো দ্বৈরথ সবার আগ্রহের কেন্দ্রে থাকলেও ধোনি এ ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে চান না।

“এমনিতেই সেখানে অনেক চাপ আছে, যদি আপনি আরো চাপ নেন, তাহলে পারফরম করা কঠিন হয়ে যাবে।”

বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো হারেনি ভারত। পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল ধোনির দল।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের পারফরম্যান্স দুর্দান্ত হলেও, সবমিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে আছে ভারত। দলটির সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়; গত মাসে শেষ হওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও পুরোপুরি ব্যর্থ তারা। তবে ধোনি অতীতকে পেছনে রেখে দেয়ার পক্ষে।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপে আছে আহমেদ শেহজাদ, ইউনুস খানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দলটিতে আছে শহিদ আফ্রিদির মতো মারকুটে ব্যাটসম্যান। মিসবাহ উল-হকের দলের বিপক্ষে নিজ দলের বোলারদের সাফল্য পাওয়ার ওপর জোর দিচ্ছেন ধোনি। তিনি মনে করেন, শুরুর ১০ ওভার বোলিং এ ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

অ্যাডিলেইডের এ ম্যাচের টিকেট ২০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার কথা আগেই জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এ তথ্য থেকেই বোঝা যাচ্ছে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ কতটা উচুঁতে।

পরিসংখ্যানের মতোই দর্শক নিয়ে ভেবে চাপে পড়তে চান না ধোনি। তবে তিনিও মানছেন ‘হাই ভোল্টেজ’ ম্যাচই হতে যাচ্ছে এটি।

“আমি মনে করি, নিজেদের পারফরম্যান্স তুলে ধরার দারুণ সুযোগ হবে। খুবই তাপ ছড়ানো ম্যাচ হতে যাচ্ছে এটি।”