ম্যাচ সেরা ফিঞ্চের মুখে মার্শের প্রশংসা
বিশ্বকাপের অভিষেকেই অসাধারণ এক শতক করে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় এনে দেয়া অ্যারন ফিঞ্চ ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ মিচেল মার্শকে। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ফিঞ্চ ৫ উইকেট পাওয়া মার্শের অবদানের বিষয়টিই বড় করে দেখিয়েছেন।
শনিবার মেলবোর্নে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানের বড় ব্যবধানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৭০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর ১২৮ বলে ১৩৫ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন ফিঞ্চ। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনিই।
অস্ট্রেলিয়ার ৯ উইকেটে করা ৩৪২ রানের জবাবে ২৩১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ওয়েইন মরগ্যানের দলের ইনিংস ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন মার্শ। ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি।
ম্যাচ শেষে ক্যারিয়ার সেরা বোলিং করা মার্শের ধারাবাহিকতায় খুশি ফিঞ্চ।
"আমি মনে করি মিচ (মিচেল মার্শ) বল হাতে অনেক অবদান রাখে। সে এমন একজন যে খুব ধারাবাহিক এবং উইকেট মিডিয়াম পেস বোলিংয়ের জন্য মানানসই ছিল।"
জেমস ফকনার চোটে না পড়লে ইংল্যান্ডের বিপক্ষে হয়ত খেলাই হতো না মার্শের। কিন্তু সুযোগ পেয়ে অসাধারণ পারফর্ম করার পর পরের ম্যাচে একাদশ নির্বাচন নিয়ে একটা মধুর সমস্যায় হয়ত পড়বে অস্ট্রেলিয়া।
আগামী শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই অলরাউন্ডার ফকনার ফিট হয়ে ওঠার কথা। এই ম্যাচে মাঠে ফেরার কথা অধিনায়ক মাইকেল ক্লার্কের।
