ফেভারিট দ. আফ্রিকার বিপক্ষে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথা উঠলে ক্রিকেট পণ্ডিতরা এবার অস্ট্রেলিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার কথাও বলেন। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এই দলের বিপক্ষে খেলতে নামার আগেও আত্মবিশ্বাসী 'ছোট'দের কাতারের জিম্বাবুয়ে।
আফ্রিকার এই দুই দেশের লড়াইটি রোববার নিউ জিল্যান্ডের হ্যামিল্টনে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে আরেক ফেভারিট নিউ জিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। তবে ১৩৪ রানের হারের পরও প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে আসা দক্ষিণ আফ্রিকার মনোবলে একটু চিড় ধরেনি।
২০১৫ বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের সেই আত্মবিশ্বাসের কথাই জানান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
"আমি অনুভব করছি, (আমাদের লক্ষ্যে) যাওয়ার জন্য খুব সতেজ ও প্রস্তুত আছি।"
দক্ষিণ আফ্রিকাকে এ ক্ষেত্রে প্রেরণা যোগাচ্ছে বিশ্বকাপে আসার আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়।
কখনো দুর্ভাগ্য, কখনো আবার ভুলের কারণে অধরা থেকে যাওয়া বিশ্বকাপ ট্রফিটা এবার নিজেদের করে নিতে চায় দক্ষিণ আফ্রিকা। আর এই লক্ষ্যে অনেক আগেই তারা কাজ শুরু করেছে বলেও জানান ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতক ও অর্ধশতকের রেকর্ডের মালিক ডি ভিলিয়ার্স।
শিরোপা জিততে না পারলেও বিশ্বকাপে ম্যাচ জয়ের দ্বিতীয় সর্বোচ্চ হার দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে খেলা ৪৭টি ম্যাচের মধ্যে ৩০টিই জেতে তারা, জয় ৫৯.৭৫ শতাংশ। এদিক দিয়ে এক নম্বরে আছে অস্ট্রেলিয়া, ৭৬ ম্যাচে ৫৫টি ম্যাচ জয় তাদের; জয়ের হার ৭২.৩৭ শতাংশ।
ওয়ানডে ক্রিকেটে দুই দেশের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে জিম্বাবুয়ে মাত্র চারবারই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করতে পেরেছে জিম্বাবুয়ে। এর মধ্যে বিশ্বকাপে মাত্র একবার, ১৯৯৯ সালে।
দক্ষিণ আফ্রিকাকে বাকি যে তিনবার জিম্বাবুয়ে অলআউট করে এর প্রথমটি ১৯৯৫ সালে হারারেতে। অন্য দুটি অতি সম্প্রতি, গত বছরের অগাস্টে।
টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের বিপক্ষে খেলতে নামার আগে এর সঙ্গে জিম্বাবুয়েকে প্রেরণা যোগাচ্ছে সবশেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। নিউ জিল্যান্ডের মাঠ বার্ট সাটক্লিফে গত বুধবার ২৭৯ রান তাড়া করতে নেমে ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় পায় তারা।
এর আগে গত সোমবার বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়া প্রথম প্রস্তুতি ম্যাচেও নিউ জিল্যান্ডের বিপক্ষে বেশ ভালো খেলে জিম্বাবুয়ে। প্রথমে বল করে ৩০.১ ওভারের মধ্যে ১৫৭ রানে স্বাগতিকদের ৭ উইকেট তুলে নেয় তারা।
টেস্ট খেলুড়ে দেশ হলেও অনেকেই জিম্বাবুয়েকে ছোট দল হিসেবেই ধরে। তবে এবারের টুর্নামেন্টে এই ধারণাটা পাল্টে দেয়ার প্রত্যয় আফ্রিকার এই দেশটির। সাম্প্রতিক পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাসীও করে তুলেছে।
