বিশ্বকাপে হ্যাটট্রিকের ছোটো তালিকায় ফিন
বিশ্বকাপে হ্যাটট্রিক করা বোলারদের ছোট তালিকায় নিজের নাম লিখিয়েছেন স্টিভেন ফিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শেষ তিন বলে দারুণ এক হ্যাটট্রিক করেছেন ইংল্যান্ডের এই পেসার।
নিজের দশম ও ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে ৮ রান দেন ফিন। কিন্তু পরের তিন বলে তিনি তুলে নেন ব্র্যাড হ্যাডিন, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল জনসনকে।
ফিনের চতুর্থ বলটি হালকা সুইং করে, আর সেটা সামলাতে পারেননি হ্যাডিন। ঠিক মতো ব্যাটে না লাগাতে পারায় বল কানায় লেগে চলে যায় থার্ডম্যানে স্টুয়ার্ট ব্রডের হাতে।
পঞ্চম বলে জো রুটের হাতে ক্যাচ তুলে দেন গ্রেন ম্যাক্সওয়েল। আর ফিনের ও ইনিংসের শেষ বলে মিডঅফে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দেন জনসন।
শনিবার মেলবোর্নে এই হ্যাটট্রিকের সঙ্গে আরও ২ উইকেট নেন ফিন। সব মিলে ৭১ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৫ ব্যাটসম্যানকে আউট করেন তিনি।
বিশ্বকাপে এর আগে ৬ জন বোলার ৭টি হ্যাটট্রিক করেন। ১৯৮৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ভারতের চেতন শর্মা।
শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক করেন- ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর ২০১১ সালে কেনিয়ার বিপক্ষে।
২০১১ বিশ্বকাপে আরও একটি হ্যাটট্রিক হয়, নেদারল্যান্ডসের বিপক্ষে সেটি করেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একমাত্র হ্যাটট্রিকটি শ্রীলঙ্কার চামিন্দা ভাসের। এটি তিনি করেছিলেন ২০০৩ সালে। একই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্রেট লি হ্যাটট্রিক করেন কেনিয়ার বিপক্ষে।
বিশ্বকাপে হ্যাটট্রিক করা বোলারদের সংক্ষিপ্ত তালিকায় একমাত্র স্পিনার পাকিস্তানের সাকলাইন মুশতাক।
