মালিঙ্গাকে সমীহ ম্যাককালামের
শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস জানিয়েছেন, নিউ জিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলতে প্রস্তুত তার দলের তারকা পেসার লাসিথ মালিঙ্গা। আর কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, শ্রীলঙ্কার এই পেসারকে সামলানোর জন্য প্রস্তুতি নিয়েছে তার দল।
ক্রাইস্টচার্চে শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে এ আসরের অন্যতম আয়োজক নিউ জিল্যান্ড ও গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। এ ম্যাচে মালিঙ্গা খেলবেন বলে শুক্রবার নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক ম্যাথিউস।
“অবশ্যই মালিঙ্গা খেলবে এবং খেলার জন্য সে ফিট আছে।”
লম্বা সময় ধরেই শ্রীলঙ্কার পেস আক্রমণভাগের সেরা ভরসা মালিঙ্গা। ২৭১ ওয়ানডে উইকেট পাওয়া এই ডানহাতি পেসারকে তাই সমীহ করছেন নিউ জিল্যান্ড অধিনায়ক ও মারকুটে ব্যাটসম্যান ম্যাককালাম।
“আমরা তার জন্য অনেক প্রস্তুতি নিয়েছি। সে বিশ্বমানের বোলার এবং তাদের বোলিং লাইনআপে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।”
“শেষ দিকের ওভারের জন্য সে চমৎকার বোলার এবং সে থাকায় শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই আরো ভালো দল”, যোগ করেন তিনি।
গত সেপ্টেম্বরে মালিঙ্গার গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হয়। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। ওই দুই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি শ্রীলঙ্কার এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ রানে এক উইকেট পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।
