২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়কটের সমালোচনায় বিচলিত নন ইংল্যান্ড অধিনায়ক

ওয়েন মর্গ্যানের ব্যাটিংয়ের সমালোচনা করেছেন জিওফ্রে বয়কট। তিনি মনে করছেন, ব্যাটিংয়ে বিশ্ব সেরা বোলারদের সামলাতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক। তবে ইংল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটসম্যান ও ধারাভাষ্যকারের এই সমালোচনায় বিচলিত হননি বিশ্বকাপের আগে দায়িত্ব পাওয়া মর্গ্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 12:39 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

বিশ্বকাপের প্রস্তুতিতে খুব একটা রান পাননি ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মর্গ্যান। পাকিস্তানের বিপক্ষে হারা বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটসম্যান অবশ্য নিজেদের ফর্ম নিয়ে দুর্ভাবনায় নেই।

বিসিবি রেডিও ফাইভ লাইভে বয়কট বলেন, “আমার মনে করি না, সে নিজেকে যতটা ভাবে, ততটা ভালো। আমি মনে করি না, কিছু মানুষ তাকে যতটা ভালো বলে, সে ততটা ভালো।”

২৮ বছর বয়সী মর্গ্যান ১০৪টি ওয়ানডে খেলে ৩৬.৫১ গড়ে ৩ হাজার ১০৪ রান করেন। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে অবশ্য তিনি মোটেও চিন্তিত নন।

মর্গ্যান জানান, কয়েকটি ছোট স্কোর করলেও আগামী শনিবার ম্যাচে ১০ বা ২০ বল খেলতে পারলে তা কাজে লাগানোর দিকে তাকিয়ে আছেন।

“মাত্র পাঁচ ম্যাচ আগেই আমি শতক করেছি। তাই আমার জন্য কোনটা ভালো হবে তা দেখতে অনেক দূর পেছনে তাকানোর কোনো দরকার নেই।”

দেশের বাইরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো নয়। শেষ ১৫ ম্যাচের ১৩টিতেই হেরেছে তারা।

শনিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে সহ-আয়োজকদের হারানো সম্ভব বলে মনে করেন মর্গ্যান।

“আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে। আমরা খুব বিপজ্জনক, উদীয়মান, অনেক প্রতিভার তরুণ একটি দল।”