২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতকে হারিয়ে প্রস্তুতি সারল আফগানরা

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে আফগানিস্তান। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৪ রানে হারিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম এই প্রতিপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 09:35 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

দুই ইনিংসেরই শেষ ১০ ওভারে ভালো করে ম্যাচটি জিতে নেয় আফগানিস্তান- ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে দ্রুত রান তোলে আর বোলিংয়ে প্রতিপক্ষের ছয় উইকেট তুলে নেয়।

শুক্রবার মেলবোর্নের জাঙ্কশন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০৮ রান করে আফগানিস্তান। জবাবে ৪৮ ওভার ২ বলে ২৯৪ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।

ব্যাটিংয়ে নামা ১০ ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছানোয় সংযুক্ত আরব আমিরাতকে বড় লক্ষ্য দেয় আফগানিস্তান। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ৫০ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে চাপেই ছিল দলটি।

চতুর্থ উইকেটে আসগর স্তানিকজাইয়ের (৩৩) সঙ্গে ৫৯ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন সামিউল্লাহ সেনওয়ারি। ৪৪তম ওভারের শেষ বলে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সর্বোচ্চ ৫৮ রান করেন তিনি। এই সময় আফগানিস্তানের স্কোর ছিল ২২৬/৭।

ষষ্ঠ উইকেটে সামিউল্লাহর সঙ্গে সর্বোচ্চ ৬৫ রানের জুটি গড়া নাজিবুল্লাহ জারদান করেন ৪৬ রান।

শেষ ৬ ওভারে ৮২ রান যোগ করে সংগ্রহ তিনশ’ রানের ওপরে নিয়ে যায় আফগানিস্তান। এতে বড় অবদান মিরওয়াইস আশরাফ (১৭ বলে অপরাজিত ৩৪) ও গুলাবাদিন নাইবের (১০ বলে ২৪)।

সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ ৩৯ রানে নেন ৪ উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন মোহাম্মদ নাভেদ ও কৃষ্ণ চন্দ্রন।

জবাবে অ্যান্দ্রি ব্যারেনগারের (৩৯) সঙ্গে আমজাদ আলীর (২৬) ৬১ রানের উদ্বোধনী জুটি সংযুক্ত আরব আমিরাতকে ভালো সূচনা এনে দেয়।

ব্যারেনগারের সঙ্গে ৪০ ও খুররম খানের সঙ্গে ৮১ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন কৃষ্ণ (৪৯)। তার বিদায়ের পর স্বপ্নিল পাতিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন খুররম।

এক পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের স্কোর ছিল ৩ উইকেটে ২৩৪ রান। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

সর্বোচ্চ ৮৬ রান করেন খুররম। তার ৭০ বলের ইনিংসটি ১০টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

আফগানিস্তানের আফতাব আলম ৪৩ রানে নেন ৩ উইকেট। নবি ২ উইকেট নেন ৪৩ রানে।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারে আফগানিস্তান। আগামী বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে সংযুক্ত আরব আমিরাত। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।