২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড: আরেকটি প্রত্যাশাশূন্য আসর?

ইংল্যান্ডের ক্রিকেট দলকে ফুটবল দলের সঙ্গে মেলানো যাবে না। সে দেশে জনপ্রিয়তায় ফুটবলের ধারেকাছেও নেই ক্রিকেট। যে কারণে এই নিয়ে ফুটবলের মতো হই-হুল্লোড়, হুজুগ একটু কম। তবে চাইলে ব্রাজিলের বিশ্বকাপ ফুটবলের মতো একটি মিল খুঁজে নেওয়া যায় এবারের বিশ্বকাপ ক্রিকেটের সঙ্গেও। অনেকটা প্রত্যাশাশূন্য অবস্থায় যে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের আসর শুরু করছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 09:33 PM

Updated : 25 Apr 2022, 01:00 PM

ওয়েন মরগ্যানের দল ট্রফি জিতে ফিরবে, ইংলিশ ক্রিকেটের পাঁড় ভক্তরাও হয়তো ভাবে না এমনটা। যেমনটা পাঁড় ফুটবল সমর্থকরা চিন্তা করেনি গত বছর ব্রাজিলে স্টিভেন জেরার্ডের দল নিয়ে।

মাঠের পারফরম্যান্সের ছন্নছাড়া অবস্থা। এর চেয়েও দুরাবস্থা মাঠের বাইরে। এক বছরেরও বেশি সময় আগে কেভিন পিটারসেনের ইংল্যান্ড জাতীয় দলে খেলার পাট চুকেছে। তবে যে ঝাঁকুনি দিয়ে গেছেন, তার জের চলছে এখনো। এলোমেলো সেই দলটিকে এক ছাতার তলে নিয়ে আসায় অধিনায়ক করা হয়েছিল অ্যালেস্টার কুককে। তাতে অনৈক্যের সুর হয়তো কেটেছে কিছুটা, কিন্তু মাঠের পারফরম্যান্স হারিয়ে ফেলেছে সুর-তাল-লয়। আর নিজের ব্যাটে রান না থাকায় সময়টা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হচ্ছিল কুকের জন্য।

অবশেষে বিশ্বকাপের ঠিক আগে আগে ‘মুক্তি’ মেলে কুকের। তাকে ছেঁটে ফেলে বিশ্বকাপ অধিনায়ক করা হয় মরগ্যানকে। তাতে কুকের অধীনের রক্ষণাত্মক ধাঁচের ক্রিকেট থেকে রোমাঞ্চকর খেলার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু সেটিও কি আর বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট হবে!

কুকের দলের খেলার ধরন ছিল অনেকটা সেকেলে। এই যুগের ওয়ানডের সঙ্গে বেমানান। উইকেট আগলে রেখে খেলে এখন আর সাফল্য পায় কে! হ্যাঁ, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে হয়তো একটু রয়েসয়ে শুরু করার যৌক্তিকতা রয়েছে, বিশেষত দুই প্রান্ত থেকে যেখানে থাকবে দুটো নতুন বল। তারপরও টপ অর্ডারের ওই সতর্ক শুরু পরের দিকের স্ট্রোকমেকারদের উপর চাপ বাড়িয়ে দেয় খুব। যার অবধারিত প্রতিক্রিয়ায় হুড়হুড়িয়ে ভেঙে পড়ে ইনিংস। ১৯৭৯ বিশ্বকাপ ফাইনালটি এর ধ্রুপদী উদাহরণ। এই এত বছর পরও কুকের ইংল্যান্ড খেলছিল সেই ধারার ক্রিকেট।

মরগ্যানের দল প্রতিশ্রুতি দিচ্ছে ভিন্ন ব্র্যান্ডের ক্রিকেট খেলার। টপ অর্ডারে অ্যালেক্স হেলসের উপস্থিতি সাহস যোগাচ্ছে তাদের। জস বাটলারকে নিয়েও ইংলিশদের অনেক আশা। দুর্দান্ত এক স্ট্রোকমেকার তিনি। তবে দলের মতো ব্যাটিংয়েও নেতৃত্ব দিতে হবে মরগ্যানকে। ব্যাটিং ফর্মটা এই মুহূর্তে খুব ভালো নেই তার। বিশ্বকাপে ইংল্যান্ডকে সম্মানজনক কিছু করতে হলে অধিনায়কের ব্যাটে হাসি থাকতেই হবে।

ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা তাই আছে ইংল্যান্ডের। বোলিং নিয়ে এর চেয়ে ঢের বেশি। জেমস অ্যান্ডারসনের অসাধারণ ক্যারিয়ার সত্ত্বেও অস্ট্রেলিয়ার উইকেটে তার সাফল্যের সম্ভাবনা সামান্য। রেকর্ড বই সে সাক্ষ্য দেয় না যে! নেই প্রতিপক্ষ ক্যাম্পে আতঙ্ক ছড়ানোর মতো কোনো স্পিনার। স্টুয়ার্ট ব্রড একা বোলিং বিভাগকে কতটা টেনে নিতে পারবেন, যৌক্তিক কারণেই আসে সে প্রশ্ন।

ইংল্যান্ডের ফুটবল দল তো তাও একবার বিশ্বকাপ জিততে পেরেছিল। ক্রিকেট দল সেটিও পারেনি। তিন-তিনবার ফাইনালে খেলেছে অবশ্য। ১৯৭৯ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৮৭ সালে অস্ট্রেলিয়া এবং ১৯৯২ সালে পাকিস্তানের কাছে হারে তারা। ১০ বিশ্বকাপের মধ্যে তিন ফাইনালে খেলার পরিসংখ্যান আপাতদৃষ্টিতে মন্দ না। কিন্তু ওই সেগুলো যে প্রথম পাঁচ টুর্নামেন্টেই, সর্বশেষ পাঁচ আসরে আর ফাইনাল কী, সেমি-ফাইনালেই উঠতে পারেনি ইংল্যান্ড।

এবার তাই মরগ্যানের দলের পক্ষে বাজি রাখতে হলে ভীষণ সাহসী হতে হবে।

গ্রুপ পর্ব পেরোনোর আশায় বাড়াবাড়ি নেই কোনো। সেটি অবশ্য প্রথাগত সব পরাশক্তিদের ক্ষেত্রেই প্রযোজ্য। বিশ্বকাপের ফরম্যাটটিই যে এমন! অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড ও আফগানিস্তান তাদের গ্রুপসঙ্গী। এখান থেকে সেরা চারে থাকা আর এমন কী! হয়তো কুক নেতৃত্বে থাকলেও সেটি পারত ইংল্যান্ড।

কিন্তু এরপর আর এগোবে কত দূর! যতই অধিনায়ক বদলাক, এই ইংল্যান্ডের ওপর খুব ভরসার করার উপায় নেই। অন্তত বিশ্বকাপ ট্রফি যদি জেতে তারা, সেটি হবে বড় অঘটনই!

বিশ্বকাপ রেকর্ড:

১৯৭৫: গ্রুপ পর্ব

১৯৭৯: রানার্সআপ

১৯৮৩: সেমি-ফাইনাল

১৯৮৭: রানার্সআপ

১৯৯২: রানার্সআপ

১৯৯৬: কোয়ার্টার-ফাইনাল

১৯৯৯: গ্রুপ পর্ব

২০০৩: গ্রুপ পর্ব

২০০৭: সুপার এইট

২০১১: কোয়ার্টার-ফাইনাল

বিশ্বকাপের দল: ওয়েন মরগ্যান, মইন আলি, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, রাভি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, জো রুট, জেমস টেলর, জেমস ট্রেডওয়েল, ক্রিস ওকস।

বিশ্বকাপের সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৪ ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়া

মেলবোর্ন

২০ ফেব্রুয়ারি

নিউজিল্যান্ড

ওয়েলিংটন

২৩ ফেব্রুয়ারি

স্কটল্যান্ড

ক্রাইস্টচার্চ

১ মার্চ

শ্রীলঙ্কা

ওয়েলিংটন

৯ মার্চ

বাংলাদেশ

অ্যাডিলেইড

১৩ মার্চ

আফগানিস্তান

সিডনি