দক্ষিণ আফ্রিকা: অপবাদ ঘোচানোর সুযোগ
বর্ণবাদের নিষেধাজ্ঞার কারণে প্রথম চার বিশ্বকাপে ছিল না তারা। পরের ছয় বিশ্বকাপে তাদের অবধারিত উপস্থিতি। আর অনিবার্যভাবে প্রতিবারই দুর্ভাগ্যের খাড়ায় কাটা পড়ে বিদায়! ভাগ্যদেবী যদি খানিকটা মুচকি হাসতেন, তাহলে ১৯৯২ থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপেই জেতার সম্ভাবনা ছিল দক্ষিণ আফ্রিকার।
মাত্র তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে ১৯৯২ বিশ্বকাপে খেলতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১১ বিশ্বকাপে আগ পর্যন্ত সংখ্যাটা বেড়ে ৪৫২। মাঝে পেরিয়েছে প্রায় দুই দশক। এ সময়ে যত ম্যাচ হেরেছে তারা, জিতেছে এর দ্বিগুণেরও বেশি ম্যাচ। পরাশক্তি হিসেবে তাদের সমীহ করে সবাই। কিন্তু ছয়-ছয়টি বিশ্বকাপে প্রোটিয়াদের নিয়তি আর বদলায়নি। দুর্ভাগ্য, নির্বুদ্ধিতা আর চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ার কারণে কোনো বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলা হয়নি তাদের।
১৯৯২ সালে যেটি ছিল খুবই সম্ভব। চার উইকেট হাতে নিয়ে ১৩ বলে ২২ রান প্রয়োজন, ক্রিজে তখনো ব্রায়ান ম্যাকমিলান। ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালের ওই অবস্থায় ফেভারিট দক্ষিণ আফ্রিকাই। কিন্তু ১০ মিনিটের এক পশলা বৃষ্টি ঝড় বইয়ে দিল প্রোটিয়াদের সম্ভাবনায়। অদ্ভুত বৃষ্টি আইনে ১ বলে ২১ রানের প্রয়োজনীয়তার সামনে এসে দাঁড়ায় তারা।
১৯৯৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ জেতার পর কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকা হেরে যায় ব্রায়ান লারার অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে।
১৯৯৯ সালের বিদায় তো আরো করুণ। অ্যালান ডোনাল্ডের সেই পাগুলে দৌড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল হয় টাই; প্রোটিয়াদের বিদায়ঘণ্টা বাজানোর জন্য যেটি যথেষ্ট।
চার বছর পর নিজেদের মাটিতে বিশ্বকাপে ডাকওয়ার্থ-লুইসে হিসেবের গরমিলে ঝরে পড়ে তারা।
২০০৭ সালের সম্ভাবনার মৃত্যু একেপেশে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে নতজানু আত্মসমর্পনে।
২০১১ বিশ্বকাপের কোয়ার্টারে তুমুল ফেভারিট থেকেও নিউ জিল্যান্ডের কাছে হার।
‘চোকার্স’ তকমাটি তো আর শুধু শুধুই জুড়ে যায়নি দক্ষিণ আফ্রিকার সঙ্গে!
অতীতের সেই ‘ভূত’ তাড়ানোর অভিযান এবার তাদের। দলটি যথারীতি দুর্দান্ত; আছেও তুখোড় ফর্মে। কোচ রাসেল ডোমিঙ্গোর কৌশল ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপ আবহেও দক্ষিণ আফ্রিকা সেই ফেভারিটই। আগের ছয় আসরের মতো দুর্ভাগ্য কিংবা চাপের মুখে ভেঙে পড়বে নাকি অবশেষে ধরা দেবে অধরা বিশ্বকাপ- সময়ই বলবে তা।
১৫ জন সৈনিকের যে বিশ্বকাপ দল, সেটি কিন্তু সমর্থকদের দেখাচ্ছে আশার আলো। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে পূর্ণাঙ্গ স্কোয়াড সেটি। ব্যাটিং লাইনে হাশিম আমলা, জেপি ডুমিনির মতো অভিজ্ঞদের সঙ্গে আছেন কুইন্টন ডি কক, ফাফ দু প্লেসি, ডেভিড মিলারদের মতো তারুণ্য। আর অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওয়ানডের দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ডটি যার ব্যাটে লেখা হয়েছে নতুন করে। কিংবদন্তি ভিভ রিচার্ডসের পর্যন্ত যার খেলা দেখে মনে পড়ে যায় নিজের সোনালী দিনগুলো। ডি ভিলিয়ার্সের ক্রিকেট ব্যাট কখনো হয়ে যায় গলফ ক্লাব, কখনো টেনিস র্যাকেট, কখনো-বা জাদুদণ্ড! ধ্রুপদী কাভার ড্রাইভ কিংবা পুল যেন ব্যাকরণ বই থেকে উঠে আসা। আবার রিভার্স ফ্লিক- ইনসাইড-আউট স্কুপের মতো শটও অহরহ খেলেন ডি ভিলিয়ার্স। গত বছর পাঁচেক ধরেই ওয়ানডে ক্রিকেটের আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর কিংবা এর আশেপাশে আছেন তিনি। আর অধিনায়কত্ব পাওয়ার পরও ব্যাটের ধার যে কমেনি, ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩১ বলে শতকে রয়েছে এর প্রমাণ।
দক্ষিণ আফ্রিকার বোলিংটাও শক্তিশালী ভীষণ। বিশেষত ফাস্ট বোলিংয়ে ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, ওয়েইন পারনেলরা আগুন ঝরাতে পারেন অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের উইকেটে। এদের মধ্যেও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আলাদা করে নজর রাখতে হবে স্টেইনের দিকে। স্পিনারদের উপর প্রোটিয়ারা সেভাবে নির্ভর করে না কখনোই। তবে ইমরান তাহিরে এখন চিত্রটা পাল্টাচ্ছে। ওয়ানডেতে দলের অন্যতম সেরা পারফরমার হয়ে উঠছেন এই লেগ স্পিনার। ২০১৪ সালে ২১ উইকেটই শুধু নেননি তিনি; তার ৪.৩১ ইকোনমি রেটও চোখ কপালে তুলে দেওয়ার মতো। আর ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটাও দুর্দান্ত দক্ষিণ আফ্রিকার।
আশা তাই করতেই পারেন দক্ষিণ আফ্রিকার সমর্থকরা। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ থেকে শুধু কোয়ার্টার-ফাইনালে ওঠার না; আরো বহু দূর যাওয়ার।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা (সহ-অধিনায়ক), কাইল অ্যাবট, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, ডেভিড মিলার, মর্নে মরকেল, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ভার্নন ফিল্যান্ডার, রিলি রুশো, ডেল স্টেইন।
বিশ্বকাপ রেকর্ড:
১৯৯২: সেমি-ফাইনাল
১৯৯৬: কোয়ার্টার-ফাইনাল
১৯৯৯: সেমি-ফাইনাল
২০০৩: গ্রুপ পর্ব
২০০৭: সেমি-ফাইনাল
২০১১: কোয়ার্টার-ফাইনাল
বিশ্বকাপ-সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৫ ফেব্র“য়ারি | জিম্বাবুয়ে | হ্যামিল্টন |
২২ ফেব্র“য়ারি | ভারত | মেলবোর্ন |
২৭ ফেব্র“য়ারি | ওয়েস্ট ইন্ডিজ | সিডনি |
৩ মার্চ | আয়ারল্যান্ড | ক্যানবেরা |
৭ মার্চ | পাকিস্তান | অকল্যান্ড |
১২ মার্চ | সংযুক্ত আরব আমিরাত | ওয়েলিংটন |
