আমিরাতকে উড়িয়ে প্রস্তুতি সারল অস্ট্রেলিয়া
বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতকে ১৮৮ রানে হারিয়েছে তারা।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া।
চোট কাটিয়ে এই ম্যাচে খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অ্যারন ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন তিনি। অর্ধশতক করে ফিঞ্চের (৬১) বিদায়ে ভাঙে তাদের ১২৩ রানের জুটি।
এরপর বেশিক্ষণ টিকেননি ক্লার্কও। ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬৪ রান করে ফেরেন তিনি।
শেন ওয়াটসনের (৩৪) সঙ্গে ৪৮ ও জর্জ বেইলির সঙ্গে ৬৭ রানের দুটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন স্টিভেন স্মিথ (৫৯)। তার ৫১ বলের ইনিংসটি ৪টি চার ও ১টি ছক্কায় গড়া।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও বেইলির (৪৬) দৃঢ়তায় তিনশ’ পার হয় অস্ট্রেলিয়ার সংগ্রহ।
এই ম্যাচে ব্যাট করেননি অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
সংযুক্ত আরব আমিরাতের কৃষ্ণ চন্দ্রন ও নাসির আজিজ তিনটি করে উইকেট নেন।
জবাবে ৩০ ওভার ১ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত।
সর্বোচ্চ ৩১ রান করেন স্বপ্নিল পাতিল। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে আমজাদ আলীর ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল সাইমান আনোয়ার (১৯) ও রোহান মু্স্তফা (১৫)।
অস্ট্রেলিয়ার জ্যাভিয়ার ডোহার্টি, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স দুটি করে উইকেট নেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ভারতকে হারায় অস্ট্রেলিয়া। আগামী শনিবার ওয়ানডের সেরা প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।
আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে খেলবে সংযুক্ত আরব আমিরাত। ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে তারা।
