২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তৃতীয় ইনিংস জয়ের পথে ঢাকা বিভাগ

জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় বারের মতো ইনিংস জয়ের পথে রয়েছে ঢাকা বিভাগ। তৃতীয় দিন শেষে চট্টগ্রাম বিভাগের চেয়ে ২১৬ রানে এগিয়ে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 05:42 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৬ উইকেটে ২৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১৫৫ রান করে তারা।

Image
শুভাগত হোম, ফাইল ছবি

শুভাগত হোম, ফাইল ছবি

রনি তালুকদারের দ্বিশতক আর আব্দুল মজিদের শতকের পর শুভাগত হোমও শতক করলে ৫ উইকেটে ৬১৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। ১২২ বলে ১১৯ রান করেন শুভাগত। ইনিংসটি ১৪টি চার ও একটি ছয়ে সাজান তিনি।

ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নামা চট্টগ্রামের দ্বিতীয় ইনিংসের শুরুটা বাজে হয়। কোনো রান তোলার আগেই প্রথম দুই উইকেট হারায় তারা। এরপর তাসামুল হক শতক করলেও ইনিংস হারের শঙ্কা কাটেনি তাদের। ১৫টি চার ও দুটি ছয়ে ‌১৮০ বলে ১১৪ রান করে আউট হন তাসামুল।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন নেন ৩ উইকেট।