২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তামিম

পাকিস্তানের বিপক্ষে শতকের সম্ভাবনা জাগিয়েও না করতে পারায় একটু আফসোস থাকলেও সবমিলে খুশি তামিম ইকবাল। আর লম্বা সময়ের চোট থেকে ফিরে এমন ইনিংস তাকে বেশ আত্মবিশ্বাসীও করেছে বলে জানান বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 11:34 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম এই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটে হারে বাংলাদেশ।

গত ডিসেম্বরের শেষদিকে তামিমের চোট আক্রান্ত বাঁ পায়ের হাঁটুর অস্ত্রোপচার করা হয়। এ কারণে তার বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা জেগেছিল। তবে সব অনিশ্চয়তা দূর করে সম্প্রতি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেন তিনি।

আর সোমবার ১৯৯২ সালের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়া দলকে কক্ষপথে ফেরাতে খেলেন ৮১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। মাহমুদুল্লাহর সঙ্গে তিনি গড়েন ১৬৮ রানের জুটি। দুজনেরই শতক করার ভালো সম্ভাবনা ছিল, কিন্তু পারেননি কেউই।

“শতকের কাছে গিয়েও না করতে পারার আফসোস কি আছে” – ম্যাচ শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “হ্যা, অবশ্যই আছে। যে কোনো খেলায়ই একশ’ করতে পারলে একটা অন্যরকম আত্মবিশ্বাস পাওয়া যায়।”

তারপরও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি তামিম।

“আমি বেশ খুশি যে, ফিরে এসে ভালো একটা শুরু করতে পেরেছি। বড় টুর্নামেন্টের আগে যে আত্মবিশ্বাসটা দরকার ছিল, আমার মনে হয় সেটা আমি ফিরে পেয়েছি।”

১০৯ বলে ৫টি চারের সাহায্যে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন তামিম। শতক থেকে মাত্র ১৯ রান দূরে দাঁড়িয়ে ইয়াসিরকে ক্রিজ থেকে বের হয়ে এসে মারতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি।

ওই সময় অমন শট খেলতে যাওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তামিম বলেন, “না, আমার মনে হয়, ওই সময় আমার পরিকল্পনা সঠিক ছিল। ভালোভাবে শটটা খেলতে পারলে ভালো হতো, কিন্তু তা ঘটেনি। ওই শট খেলা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।”

আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।