নাফীসের ব্যাটে জবাব বরিশালের
শাহরিয়ার নাফীসের ব্যাটে ঢাকা মেট্রোর বড় সংগ্রহের জবাব দিচ্ছে বরিশাল বিভাগ।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে বরিশালের সংগ্রহ বিনা উইকেটে ১৪১ রান। প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর চেয়ে এখনো ২৫৯ রানে পিছিয়ে বরিশাল।
নাফীস ৭৯ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী সাইফ হাসানের রান ৫৫। ১০৬ বলের ইনিংসটিতে ১১টি চার ও একটি ছয় মারেন নাফীস। সাইফ তার ১৩০ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও একটি ছয়ে।
এর আগে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০০ রান করে ঢাকা মেট্রো।
৪ উইকেটে ২৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। ১১৮ রানে অপরাজিত থাকা সাদমান ১৪০ রান করে আউট হন। ৩০১ বলের ইনিংসটিতে ২৬টি চার ও একটি ছয় মারেন তিনি।
৫ রান নিয়ে ব্যাট করতে নামা আসিফ আহমেদ করেন ৮৬ রান। ১৪৪ বলের ইনিংসটি ১০টি চারে সাজান তিনি।
বরিশালের পক্ষে ৪৯ রান দিয়ে ৫ উইকেট নেন আল-আমিন জুনিয়র। দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম ও নাসুম আহমেদ।
