অভিষেকেই বড় স্বপ্ন আফগানিস্তানের
ক্রিকেটে ‘বিশ্বকাপ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে রয়েছে কেবল এই ওয়ানডের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টেই। টি-টোয়েন্টির ক্ষেত্রে তা ‘আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-২০। ২০ ওভারের সেই ফরম্যাটের সেরা প্রতিযোগিতার সর্বশেষ তিন আসরেই খেলেছে আফগানিস্তান। কিন্তু সত্যিকারের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবারই। সেই অভিষেকটা রাঙিয়ে দিতে কী আর চাইবে না আফগান ক্রিকেট-সৈনিকরা?
কেনিয়া-কানাডা-স্কটল্যান্ডের মতো আইসিসির সহযোগী সদস্য হিসেবে আফগানিস্তানের দাপুটে উপস্থিতি দীর্ঘদিনের না। সেটি অর্ধযুগ আগের আশ্চর্য-উত্থানের ধারাবাহিকতা মাত্র। ২০০৮ সালে ওয়ার্ল্ড ক্রিকেট লিগে সেই যে উল্কার মতো উদয় আফগানিস্তানের, এরপর থেকে আলোর রোশনাই বাড়ছেই কেবল তাদের।
সেবার অল্পের জন্য ২০১১ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ফসকে গেছে। পরেরবার তা মুঠোবন্দি করতে ভুল হয়নি আফগানদের। সহযোগীদের জন্য ২০১৫ বিশ্বকাপে বরাদ্দ ছিল চারটি আসন। ২০১১-২০১৩ এর ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েই নিশ্চিত করে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড যাত্রা।
শুধু কি তাই? বিশ্বকাপের জন্য আফগানদের প্রস্তুতিও তো সমীহ জাগানিয়া। ২০১৪ সালে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের মাটিতে চারটি ওয়ানডের মধ্যে জিতেছে দুটিতে। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে প্রাক-বিশ্বকাপ সফর করে গেছে দলটি। সেখানে রাজ্য ও আঞ্চলিক পর্যায়ের দলগুলোর বিপক্ষে আট ম্যাচের মধ্যে জয় চারটিতে। এ বছরের শুরুতে আইসিসি সহযোগী সদস্যদের নিয়ে মধ্যপ্রাচ্যের টুর্নামেন্টে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের অর্ধেকে জয় আফগানদের। বিশ্বকাপে তাই আঁটঘাট বেঁধেই খেলতে যাচ্ছে দলটি।
সমস্যা একটাই, ধারাবাহিকতার বড্ড অভাব! কোন দিন যে পারফরম্যান্স দিয়ে আকাশ ফুঁড়ে যাবে আর কোনদিন মুখ থুবড়ে পড়বে পাতালপুরীতে- আফগানরা নিজেরাও হয়তো জানে না। জানুয়ারির ওই ত্রিদেশীয় টুর্নামেন্টের কথাই ধরুন না। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের ২৩৭ রান পেরিয়ে যায় তারা মাত্র ৩৮ ওভারে, মোটে দুই উইকেট হারিয়ে। এর ছয় দিন পর সেই অভিন্ন প্রতিপক্ষের বিপক্ষেই কিনা ৬৩ রানে অলআউট আফগানিস্তান! বিশ্বকাপে কোন রূপে আবির্ভূত হয় দলটি, এর ওপরই নির্ভর করবে তাদের অভিযানের সাফল্য-ব্যর্থতা।
এমনিতে সামর্থ্যে কিন্তু মরুর দেশটিকে সমীহ না করে উপায় নেই। বিশেষত তাদের পেস বোলিং বিভাগ তো সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে শক্তিশালী সবচেয়ে। হামিদ হাসানের মতো ফাস্ট বোলার রয়েছেন, ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডেতে নিয়েছিলেন যিনি পাঁচ উইকেট। ইনজুরি তাকে না ভোগালে বিশ্বকাপে তিনি সমস্যায় ফেলতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। একই সামর্থ্য লম্বা চুলের দীর্ঘদেহী বোলার শাপুর জাদরানের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের অনুকূল উইকেটে এই দুই ফাস্ট বোলার ঝড় তুলতে সক্ষম।
অলরাউন্ডার মোহাম্মদ নবিও দলের বড় ভরসা। মিডল অর্ডারে ব্যাটিংয়ের স্থিতি যেমন দিতে পারেন, তেমনি ইনিংসের শেষ দিকে ঝড় তোলায়ও জুড়ি নেই। সঙ্গে মিতব্যয়ী অফ স্পিনে আফগান অধিনায়ক সীমিত ওভারের ক্রিকেটের পূর্ণাঙ্গ প্যাকজ। লেগ স্পিনিং অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারিও যেমন। ৬৯ বলে ৮১ রান করে বাংলাদেশের বিপক্ষে অঘটনের জয়ের নায়ক তিনি। বিশ্বকাপে চমকে দিতে পারেন উসমান গনিও। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এবং অক্টোবরে অকল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি আছে তাঁর। ওই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সফরে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৪৭.৮০ গড়ে ২৩৯ রান তার বিশ্বকাপ আত্মবিশ্বাসের জ্বালানি যোগাবে নিঃসন্দেহে।
তবে সেই বিশ্বকাপের প্রথম রাউন্ড টপকানোর কাজটি সহজ হবে না। গ্রুপের প্রতিপক্ষদের মধ্যে স্কটল্যান্ডকে হারানোর আশা নিঃসন্দেহে রয়েছে আফগানিস্তানের। এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর ইতিহাস থাকায় বিশ্বকাপে নয় কেন! সঙ্গে বাকি চার পরাশক্তি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা-ইংল্যান্ডের মধ্যে কাউকে হারাতে পারলেই তো হয়! আফগান ক্রিকেট-রূপকথার নতুন অধ্যায় সংযোজনে মোহাম্মদ নবির দল তখন হয়তো চলে যাবে কোয়ার্টার-ফাইনালে!
আফগানিস্তান সেটি পারবে কিনা, এ নিয়ে বিস্তয় সংশয় থাকাটাই স্বাভাবিক। তবে দর্শকদের বিনোদন যে যোগাতে পারবে তারা, এ নিয়ে সংশয় সামান্য।
আফগানিস্তান দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), জাভেদ আহমাদি, আফতাব আলম, মিরওয়াইস আশরাফ, উসমান গনি, হামিদ হাসান, নাসির জামাল, নওরোজ মঙ্গল, গুলাবাদিন নাইব, সামিউল্লাহ শেনওয়ারি, আসগার স্তানিকজাই, দাওলাত জাদরান, নাজিবুল্লাজ জাদরান, শাপুর জাদরান, আফসার জাজাই (উইকেটরক্ষক)।
বিশ্বকাপ রেকর্ড: এবারই অভিষেক
বিশ্বকাপ সূচি:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৮ ফেব্রুয়ারি | বাংলাদেশ | ক্যানবেরা |
২২ ফেব্রুয়ারি | শ্রীলঙ্কা | ডানেডিন |
২৬ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড | ডানেডিন |
৪ মার্চ | অস্ট্রেলিয়া | পার্থ |
৮ মার্চ | নিউজিল্যান্ড | নেপিয়ার |
১৩ মার্চ | ইংল্যান্ড | সিডনি |
