২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নতুনদের ওপর মাশরাফির আস্থা

বিশ্বকাপে আসা নতুন ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা রয়েছে মাশরাফি বিন মুর্তজার। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, নতুনরা এগিয়ে এলে দ্বিতীয় রাউন্ডের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 07:35 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

রোববার সিডনিতে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “আমাদের তরুণ খেলোয়াড়রা খুবই ভালো। ওরা হয়তো খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তবে ওদের কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে।”

বাংলাদেশের নয় জন খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে গেছেন। অধিনায়ক মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের আছে দুটি করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। গত বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদের।

২০০৭ সালে ভারত, ২০১১ সালে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে অতীতের দিকে তাকিয়ে থাকতে রাজি নন মাশরাফি। জানান, আগে কাকে হারিয়েছেন তার ওপর এখন নির্ভর করতে পারেন না।

তবে সাকিব, তামিম, মুশফিকের ওপর আস্থা রয়েছে বাংলাদেশের অধিনায়কের।

“মুশফিক, তামিম, সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে আমাদের। ওরা যদি ভালো করে আর তরুণরা যদি ওদের সহায়তা করে তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা থাকবে।” বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে কন্ডিশনকেই সবচেয়ে বড় বাধা মানছেন মাশরাফি। “প্রত্যেকে আশা করছে আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। তবে এটা খুব কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা এই কন্ডিশনে অভ্যস্ত নই। মানিয়ে নিতে আমরা কঠোর পরিশ্রম করছি। আশা করি, বিশ্বকাপে আমরা সেরাটা দিতে পারবো।” কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে অন্তত চারটি জয় চান মাশরাফি। ১৮ ফেব্রুয়ারি প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান এবং পরে স্কটল্যান্ডকে হারাতেই হবে। সঙ্গে দুটি বড় দলকে হারাতে চান বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের গ্রুপে দুই সহ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই চার দলের মধ্যে আলাদা করে কাউকে লক্ষ্য করে নিজেদের চাপে ফেলতে চান না বাংলাদেশের অধিনায়ক। প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য থাকবে তাদের। গত বছরের ১ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। দুই মাসের বেশি সময় ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও বিশ্বকাপের প্রস্তুতিতে তার কোনো প্রভাব পড়েনি বলে জানান মাশরাফি। “দুই মাস ধরে আমরা কোনো ম্যাচ খেলিনি, কিন্তু তার আগে আমরা জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়েছি। এরপর ঘরোয়া ক্রিকেটে ছেলেরা ভালো খেলেছে। ব্রিসবেনে দুই সপ্তাহ আমরা অনুশীলন করেছি, সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। আশা করি, এগুলো আমাদের সহায়তা করবে এবং বিশ্বকাপে আমরা সেরাটা দিতে পারবো।” সোমবার সিডনিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। অধিনায়ক জানান, এই ম্যাচকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তারা। ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে অর্ধশতকে পৌঁছেই স্বেচ্ছায় মাঠ ছেড়েছিলেন মুমিনুল হক। এবারের প্রস্তুতি ম্যাচে তেমন কিছু করা হবে না বলে জানান মাশরাফি। “বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এবার স্বাভাবিক ম্যাচের মতোই খেলবো আমরা।”