২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার আধিপত্য ভাঙতে চান ডি ভিলিয়ার্স

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আধিপত্য ভাঙতে চান এবি ডি ভিলিয়ার্স। এর আগে চারটি বিশ্বকাপ জেতা দলটিকে পেছনে ফেলে এবার ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয় দক্ষিণ আফ্রিকা অধিনায়কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 06:52 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

এর আগে হওয়া দশটি বিশ্বকাপে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। বর্তমানে ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ের এক নম্বরে আছে তারা।

নিউ জিল্যান্ডের সঙ্গে এই বিশ্বকাপের সহআয়োজক অস্ট্রেলিয়া ‘ফেভারিট’ তালিকার ওপরের দিকেই আছে। তবে একটা দিক থেকে অস্ট্রেলিয়া একটু সমস্যায়ও থাকবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।

“নিশ্চিতভাবেই এই মুহূর্তে সংক্ষিপ্ততর সংস্করণে অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল। তারা দেশের মাটিতে খেলছে, যেটা পুরো বিষয়টিকে ভিন্ন একটা মাত্রা দেবে; সম্ভবত একটু বাড়তি চাপ।”

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাও শিরোপা জয়ের জন্য অন্যতম ফেভারিট। ডি ভিলিয়ার্সের কাছে এটা বিশেষ ব্যাপার। “আমরাও নিশ্চিত করেই ফেভারিট দলের একটি। …বিশ্বের অন্যতম সেরা দল হওয়াটা আমরা উপভোগ করছি।” সম্প্রতি জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়াকে হারায় দক্ষিণ আফ্রিকা। সেই সুখস্মৃতি ডি ভিলিয়ার্সকে স্বপ্ন দেখতে অনুপ্রানিত করছে। “খুব বেশি দিন আগে নয়, জিম্বাবুয়েতে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। সুতারং এই ধরণের আত্মবিশ্বাস আছে যে, আমরা বিশ্বের সেরা দলকে হারাতে পারি।”