২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের শতকে রংপুরের জয়ের স্বপ্ন

লিটন দাসের শতকে জয়ের স্বপ্ন দেখছে রংপুর বিভাগ। দুই উইকেট হাতে নিয়ে সিলেট বিভাগের চেয়ে ৪০৬ রানে এগিয়ে রয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ৩০০ রান।

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ৫ উইকেটে ১৯১ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। শুরুতেই আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান অলক কাপালী (৮১) ও নাজমুল মিলনকে (৫১) বিদায় করে রংপুরকে চালকের আসনে নিয়ে আসেন মাহমুদুল হাসান।

এরপর রাহাতুল ফেরদৌস (অপরাজিত ৩০) লড়াই করলেও ২৬১ রানেই অলআউট হয়ে যায় সিলেট। প্রথম ইনিংসে ৩৬৭ রান করায় ১০৬ রানের লিড পায় রংপুর।

৪৩ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার মাহমুদুল।

দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে দ্রুত রান তুলতে থাকে রংপুর। এ দিন ৫৩.৪ ওভার খেলে ৫.৫৯ গড়ে ৩০০ রান সংগ্রহ করে তারা। আর এতে নেতৃত্ব দেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন।

১২৮ বলে ১২টি চার ও ১টি ছক্কা সাহায্যে ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন লিটন। নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৫২ রানের আরেকটি ভালো ইনিংস।

দ্রুত রান তুলতে শেষ দিকে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করেন আরিফুল হক। ২৬ বলে ৫০ রানে অপরাজিত রয়েছেন তিনি। তার আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৫টি চার ও ৩টি ছক্কায়।

সিলেটের রাহাতুল ৭৭ রানে নেন ৩ উইকেট।