২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বিপক্ষে হারের শঙ্কায় চট্টগ্রাম

দ্বিতীয় ইনিংসে লড়াই করছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যানরা। কিন্তু প্রথম ইনিংসে ২০২ রানের বিশাল লিড নিয়ে তাদের কাজটা খুব কঠিন করে তুলেছে রাজশাহী বিভাগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:35 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে জয় দেখছে রাজশাহী। অলরাউন্ড নৈপুণ্যে এতে বড় অবদান মুক্তার আলীর।

মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। অধিনায়ক নাজিমউদ্দিন ৫৭ ও নাঈম ইসলাম ১২ রানে অপরাজিত রয়েছেন।

৫ উইকেট হাতে থাকলেও এখনো ৭ রানে পিছিয়ে রয়েছে প্রথম ইনিংসে ২০৯ রান করা চট্টগ্রাম।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৩৭৯ রান নিয়ে খেলা শুরু করে রাজশাহী। দেখে শুনে খেলে শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুক্তার।

ইফতেখার সজীবের বলে ফয়সাল হোসেনের হাত ধরা পড়ে মুক্তার বিদায় নিলে ভাঙে সানজামুল ইসলামের সঙ্গে তার ১৬৬ রানের চমৎকার জুটি। মুক্তারের ১২৯ বলের ইনিংসটি সাজানো ১২টি চার ও ৪টি ছক্কায়।

দলীয় ২৯৭ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে মুক্তারের বিদায়ের পর বেশিদূর এগোয়নি রাজশাহীর ইনিংস। দলীয় ৪১১ রানে দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৮ রান করেন সানজামুল।

আগের দিন ৬ উইকেট নেয়া ইফতেখার মঙ্গলবার নেন আরো দুই উইকেট। ১১২ রানে ৮ উইকেট নিয়ে তিনিই দলের সফলতম বোলার।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শূন্য রানে মাহবুবুল করিমকে হারায় চট্টগ্রাম। তবে জসিমউদ্দিন (৬১) ও আব্দুল্লাহ আল মামুনের (৪৩) দৃঢ়তায় এক সময়ে ৩ উইকেটে ১৩৪ রানে পৌঁছে যায় দলটির সংগ্রহ।

এরপর জোড়া আঘাতে মুক্তার মামুন ও ফয়সাল হোসেনকে ফিরিয়ে দিলে আবার চাপে পড়ে চট্টগ্রাম। তবে নাজিম ও নাঈমের ব্যাটে ম্যাচ বাঁচাতে লড়ছে তারা। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়েছেন এই দুই জনে।