২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটের লক্ষ্য মাহমুদুল্লাহর

শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে থাকা বাংলাদেশকে কোয়ার্টার-ফাইনালে দেখতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। এই অলরাউন্ডার জানিয়েছেন, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো ক্রিকেট খেললে এই লক্ষ্য পূরণ হওয়া সম্ভব। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:42 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ হবে একাদশ বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের আর দুই সঙ্গী হল আফগানিস্তান ও স্কটল্যান্ড।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, “লক্ষ্য অবশ্যই কোয়ার্টার-ফাইনালে খেলা। সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে যেতে পারলে পরের রাউন্ডে যাওয়া সম্ভব।”

গত বছরের শুরুটা ভালো কাটেনি মাহমুদু্ল্লাহর। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুই সিরিজে ভালো খেলে বছরের শেষ দিকে স্বরূপে ফেরেন তিনি। মাহমুদুল্লাহ জানান, কঠোর অনুশীলনেই বাজে সময় পেছনে ফেলেন তিনি।

“ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই চেষ্টা করছিলাম, ফিজিক্যাল ফিটনেস নিয়ে একটু বেশি কাজ করতে। এরই মধ্যে ওজন কমেছে। এটা আমার জন্য ভালো হয়েছে, পারফরম্যান্সে ইতিবাচক ফল পাচ্ছি।”

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা। উইকেটে এখন ঘাসও থাকছে জানিয়ে মাহমুদু্ল্লাহ বলেন, “যতটুকু সম্ভব ওখানের (অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড) একটা পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা চলছে। সব রকম চেষ্টাই চলছে। আমার মনে হয়, ইতিবাচক থেকে ভালো ও আক্রমণাত্মক ক্রিকেট খেললে আমরা পারবো।”

বোলিং ও ফিল্ডিংয়ের চেয়ে দলের ব্যাটিংকে এগিয়ে রাখছেন মাহমুদুল্লাহ। পুঁজি বড় হলে বোলাররা আত্মবিশ্বাসী থাকবে। তবে, তরুণদের দল হিসেবে ফিল্ডিংয়ে আরো ভালো করা সম্ভব বলে মনে করেন মাহমুদুল্লাহ।

সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও আরাফাত সানির উপস্থিতিতে বাংলাদেশের স্পিন বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। সঙ্গে আছেন দুই অফস্পিনার মাহমুদুল্লাহ ও নাসির হোসেন। সাব্বির রহমানের লেগস্পিনও কার্যকরী হতে পারে।

“স্পিন বিভাগে সমন্বয় ভালো। তবে আমার মনে হয়, বিশ্বকাপে পেসারদের ওপরই দায়িত্বটা বেশি থাকবে। ওরা ভালো শুরু এনে দিতে পারলে স্পিনাররা রান বেধে রাখার ও উইকেট নেয়ার সামর্থ্য রাখেন।”

অস্ট্রেলিয়ায় স্পিনারদের অনেক বেশি দায়িত্ব নিয়ে এবং ভেবে চিন্তে বল করতে হবে বলে মনে করেন মাহমুদুল্লাহ। সাবেক এই সহ-অধিনায়ক জানান, লাইন, লেন্থের ব্যাপারে স্পিনারদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।