রোহিত শর্মার সঙ্গে বিরোধে ওয়ার্নারের জরিমানা
মেলবোর্নে ম্যাচ চলার সময় ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে বিরোধে জড়িয়ে জরিমানার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
রোববার ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার ৪ উইকেটে জেতা ম্যাচে এ ঘটনা ঘটে।
ওয়ার্নার সোমবার সাংবাদিকদের জানান, তাকে ম্যাচ ফির অর্ধেক জরিমানা করেছে আইসিসি।
ভারতের ব্যাটসম্যানরা ওভারথ্রো থেকে একটি রান নিতে গেলে ঝামেলাটা বাজে। ওয়ার্নার মনে করেছিলেন, বলটা শর্মার গায়ে লেগে দিক পরিবর্তিত হয়েছিল; তাই তার বাড়তি রানটি নেওয়া উচিত হয়নি।
ওয়ার্নারের এই দাবি মেনে নেননি শর্মা। আর টেলিভিশন রিপ্লেতেও দেখা গেছে, রানটা নেওয়ায় কোনো বাধা ছিল না।
ওয়ার্নার পরে স্বীকার করেন, তিনি কাজটা ঠিক করেননি। তিনি শর্মাকে ইংরেজিতে কথা বলতে বলেছিলেন। সেটাও ঠিক হয়নি বলে মেনে নেন ওয়ার্নার।
সোমবার স্কাই স্পোর্টস রেডিওকে ওয়ার্নার বলেন, “আমি যখন তার (শর্মা) সঙ্গে কথা বলতে গেলাম, সে তাদের ভাষায় কিছু একটা বলল। আমি তাই বলেছি, ‘ইংরেজিতে বলো’; কারণ তুমি যদি কিছু বলতে চাও, মনে রাখবে, আমি হিন্দি বলতে পারি না।”
ওয়ার্নার দাবি করেন, তিনি নমনীয়ভাবেই শর্মাকে ইংরেজিতে বলতে বলেছিলেন। তবে এটা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।
“আমি ভুল করেছি… আমার তার সঙ্গে কথা বলতে যাওয়াটা ঠিক হয়নি।”
ভারতের অস্ট্রেলিয়া সফরে দুই দলের খেলোয়াড়ের মধ্যে বেশ কয়েকটি বিবাদের ঘটনা ঘটেছে। টেস্ট সিরিজে তো এ জন্য চার ক্রিকেটারকে জরিমানাও করা হয়।
তবে জরিমানাকে ভয় পান না বলে জানিয়েছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান ওয়ার্নার।
“আমরা সবসময়ই আক্রমণাত্মক ক্রিকেট খেলি। তবে এর জন্য মাঝেমধ্যে জরিমানার মুখেও পড়তে হয়।”
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্য ওয়ার্নার-শর্মার বিবাদের বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন না।
“সে (শর্মা) ড্রেসিংরুমের ভেতর এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাই আমি মনে করছি, সে ঠিকই আছে। আসলে কি ঘটেছে সে বিষয়ে তাকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করিনি আমি।”
“এটা দুজন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে তর্ক। আমি আশা করি, মাঠের মাঝেই এটার সমাধান হয়ে গেছে।”
