বিশ্বকাপের আগে আঙুলে চিড় ব্যালান্সের
ইংল্যান্ডের ব্যাটসম্যান গ্যারি ব্যালান্সের আঙুলে চিড় ধরেছে। তবে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।
অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোট পান ব্যালান্স। তার ডান হাতের কনিষ্ঠায় চিড় ধরা পড়েছে।
ক্যানবেরাতে ত্রিদেশীয় সিরিজের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে ইংল্যান্ড। এর একটি ম্যাচেও খেলেননি ব্যালান্স। তবে তিন জাতি সিরিজের জন্য ব্যালান্সের বিকল্প কোনো ব্যাটসম্যান নেয়নি তারা।
গত শুক্রবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেট হেরে যায় ইংল্যান্ড।
আগামী মঙ্গলবার ব্রিসবেনে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে ভারত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
উদ্বোধনী দিন ১৪ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।
