২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিং বৈচিত্র্য নিয়ে মনোযোগী আল-আমিন

বিশ্বকাপে সাফল্য পেতে বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করছেন আল-আমিন হোসেন। এই পেসার জানান, ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 08:31 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

গতির ঝড় তুলতে চান তাসকিন

দুই দিনের বিশ্রাম শেষে শনিবার আবার অনুশীলনে ফিরেন ক্রিকেটাররা। অনুশীলনের বিরতিতে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসেন আল-আমিন ও তাসকিন আহমেদ।

আল-আমিন জানান, নিজের বোলিংয়ের শক্তির দিক নিয়ে এখন খুব বেশি কাজ করছেন না।      

“ওয়াইড ইয়ার্কার, স্লোয়ার এবং ওয়াইড বাউন্সার নিয়ে এখন বেশি কাজ করছি। অস্ট্রেলিয়ায় সাফল্য পেতে গতি খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি। জোরে বাইরে বল করার চেয়ে বরং স্টাম্পে বল করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।”

গত বছর ধরে ভালো ক্রিকেট খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেন আল-আমিন।

“আমার কাছে প্রত্যাশা অনেক বেশি ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভবত একটা ম্যাচ খারাপ খেলেছি। চোট ছিল, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল, বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ করেছিল, ফিটনেসও হয়তো ভালো ছিল না। এই কারণে হয়তো পারফরম্যান্স ঠিক হয়নি। সব পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চাই।”

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্রিসবেনে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবে বাংলাদেশ। আল-আমিন মনে করেন, এই ক্যাম্পটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

“গ্রুপ পর্বে ছয় ম্যাচে ভালো বল করতে পারলে ১২ থেকে ১৫ উইকেট নিতে চাই। এই লক্ষ্য পূরণ হলে আমার বিশ্বাস, আমরা ভালো অবস্থানে থাকব।”