২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সঙ্গে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত নাসির, সাব্বির

বাংলাদেশ দলে সাত নম্বর জায়গা এক রকম নিজের করে নিয়েছিলেন নাসির হোসেন। তিনি হঠাৎ ছন্দ হারিয়ে ফেলায় দলে আসেন সাব্বির রহমান। সাতে খারাপ করেননি সাব্বির, এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো করে দলে ফিরেছেন নাসির। এখন বিশ্বকাপে এক সঙ্গে খেলতে চান এই দুই বন্ধু।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় দিনের মতো দুই সেশন ধরে ‘স্কিল’ অনুশীলন করেন ক্রিকেটাররা। দুই সেশনের বিরতিতে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির ও সাব্বির।

নাসির জানান, মাঠের বাইরে তিনি ও সাব্বির খুব ভালো বন্ধু। প্রায় এক দশক ধরে এক সঙ্গে খেলছেন এই দুই জন। সেই অনূর্ধ্ব-১৩ থেকে এক দলে খেলছেন তারা।

বিশ্বকাপে একাদশে এক সঙ্গে দুই জনের থাকার সম্ভাবনা প্রসঙ্গে নাসির বলেন, “আমরা তো এইটাই চিন্তা করছি। দুই জনই খেলবো এক সঙ্গে।”

নাসির জানান, সাব্বিরের সঙ্গে তার কোনো প্রতিযোগিতা নেই। দলে জায়গা পাওয়া নিয়ে কোনো প্রতিযোগিতা থাকলে, সেটা দলের আর সবার সঙ্গেই আছে, সাব্বিরের একার সঙ্গে নয়।

এই প্রসঙ্গে সাব্বির যোগ করেন, “আমার সঙ্গে নাসিরের কোনো প্রতিযোগিতা ছিল না। নাসির আলাদা খেলে, আমি আলাদা খেলি। আমি বা নাসির কে খেললো তা বড় ব্যাপার নয়, দলের জেতাটাই গুরুত্বপূর্ণ।”

সাব্বির জানান, দুই জনই দলে থাকাতে তার খুব ভালো লাগছে। আবার এক সঙ্গে খেলার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত।

নাসির, সাব্বির দুই জনই একমত, সাত নম্বরে ব্যাটিং ভীষণ কঠিন। নাসির বলেন, “খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। আমরা যখন নামি তখন হয়তো ১২/১৫ ওভারের বেশি খেলা থাকে না। এর মধ্যে ৫/৬ ওভারে আপনি কি লক্ষ্য ঠিক করবেন? তখন হয়তো ৫ ওভারে ৫০ বা ৪০ রানের লক্ষ্য থাকে, আর আমাদের সেভাবেই খেলতে হয়।”

“এখানে সফল ও ব্যর্থ হওয়ার সমান সুযোগ থাকে। কখনো এমন পরিস্থিতি হয়, প্রতি বলেই রান নিতে হবে। আসলে আমাদের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হয়। বিশ্বকাপেও সেটাই করার চেষ্টা করবো,” যোগ করেন সাব্বির।