জয়াবর্ধনের শতকেও শ্রীলঙ্কার হার
মাহেলা জয়াবর্ধনের দারুণ শতকটি বিফলে গেল। ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ো ব্যাটিং ও কোরি অ্যান্ডারসনের দৃঢ়তায় সাত ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড।
রোববার ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৮ রান করে শ্রীলঙ্কা।
৫১ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারানো শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করেন জয়াবর্ধনে। কিন্তু সতীর্থদের কাছ থেকে খুব একটা সহায়তা পাননি তিনি।
দলকে ঠিক দুইশ’ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন জয়াবর্ধনে (১০৪)। এটি তার ১৮তম ওয়ানডে শতক। তার ১০৭ বলের ইনিংসটি সাজানো ১২টি চার ও ১টি ছক্কায়।
দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করে আসে লাহিরু থিরিমান্নে ও জিবন মেন্ডিসের ব্যাট থেকে।
৩৬ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার মিচেল ম্যাকক্লেন্যাগ্যান।
জবাবে ৪৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় নিউ জিল্যান্ড।
২২ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ম্যাককালাম। তবে তার বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
১০১ রানে প্রথম ৫ ব্যাটসম্যানকে হারানো নিউ জিল্যান্ডকে জয় এনে দেয়ার কৃতিত্ব অ্যান্ডারসনের (৮১)। ম্যাচ সেরা অ্যান্ডারসনের ৯৬ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।
শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, সচিত্রা সেনানায়েকে ও নুয়ান কুলাসেকারা দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২১৮/৯ (করুনারত্নে ৫, দিলশান ১৯, সাঙ্গাকারা ৪, জয়াবর্ধনে ১০৪, ম্যাথিউস ১৫, থিরিমান্নে ২৩, মেন্ডিস ২৩, পেরেরা ০, কুলাসেকারা ৬*, সেনানায়েকে ৭, এরাঙ্গা ৫*; ম্যাকক্লেনাগান ৪/৩৬, মিলনে ২/৩৭, নাথান ম্যাককালাম ১/৩৮, অ্যান্ডারসন ১/৬১)
নিউ জিল্যান্ড: ৪৩ ওভারে ২১৯/৭ (গাপটিল ০, ব্রেন্ডন ম্যাককালাম ৫১, উইলিয়ামসন ১৫, ল্যাথাম ১৫, এলিয়ট ১, অ্যান্ডারসন ৮১, রনকি ১৭, নাথান ম্যাককালাম ২৫*, মিলনে ৭*; দিলশান ২/২৮, কুলাসেকারা ২/৪৩, সেনানায়েকে ২/৪৩, এরাঙ্গা ১/৪৯)
ম্যাচ সেরা: কোরি অ্যান্ডারসন।
