২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ সেশনে রোমাঞ্চ জাগিয়ে ড্র সিডনি টেস্ট

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে সিডনি টেস্টে উত্তেজনা ফিরিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ দিন ভারত আর চ্যালেঞ্জটা নিতে পারেনি। শেষ সেশন রোমাঞ্চ জোগালেও সমতায় শেষ হয়েছে সিরিজের শেষ টেস্টটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 01:05 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শনিবার দিনের খেলা শুরুর আগে আগের দিনের ৬ উইকেটে করা ২৫১ রানেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। শেষ দিনে তাই জয়ের জন্য ৩৪৯ রানের লক্ষ্য পায় ভারত। তবে অতিথি ব্যাটসম্যানরা সে লক্ষ্যে ছোটেননি। সাবধানী ব্যাটিংয়ে প্রথম দুই সেশনে মাত্র দুই উইকেটই হারায় তারা।

লোকেশ রাহুলকে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ডেভিড ওয়ার্নারের ক্যাচ বানিয়ে ফেরান লায়ন। আর মধ্যাহ্নভোজের বিরতির পর শেন ওয়াটসনের বলে স্লিপে স্টিভেন স্মিথের অসাধারণ ক্যাচে ফেরেন রোহিত শর্মা। তবে উইকেটে টিকে ছিলেন সিরিজে ভারতের সেরা দুই ব্যাটসম্যান মুরালি বিজয় আর বিরাট কোহলি।

অ্যাডিলেইডে প্রথম টেস্টে শেষ দিনের চা বিরতিতে বিজয় আর কোহলি গিয়েছিলেন আট উইকেট হাতে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে। ম্যাচটি শেষে জিতেছিল অস্ট্রেলিয়া।

শেষ টেষ্টেও শেষ দিনের চা বিরতি যান বিজয় আর কোহলি যখন যান, তখনও আট উইকেট হাতে রাখা ভারতের প্রয়োজন ১৮৯ রান।

চা বিরতি থেকে এসে চতুর্থ ওভারেই জশ হ্যাজলউডের বাইরের একটি বলে কাট করতে গিয়ে হ্যাডিনের হাতে ধরা পড়েন বিজয়। ১৬৫ বলে ৮০ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

এরপর ভারত অধিনায়ককে ফেরান মিচেল স্ট্যার্ক। প্রথম স্লিপে ওয়াটসনের দারুণ ক্যাচে ৪৬ রান করে বিদায় নেন কোহলি। স্ট্যার্ক নিজের পরের ওভারেই শূন্য রানে সুরেশ রায়নাকে এলবিডব্লিউ করেন।

একটু পর লায়নের নিচু হয়ে আসা একটি বলে শূন্য রানে ঋদ্ধিমান সাহা এলবিডব্লিউ হয়ে ফেরত গেলে জয়ের গন্ধ পেতে শুরু করে স্বাগতিকরা।

এক প্রান্তে অজিঙ্কা রাহানে প্রতিরোধ গড়লেও হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ভুবনেশ্বর কুমারকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি ৩৮ রান করে অপরাজিত থাকা রাহানে। দিনের খেলা ১ বল বাকি থাকতে হাত মেলায় দুই দলের খেলোয়াড়রা।

অ্যাডিলেইড আর ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্ট জেতার পর মেলবোর্নে ড্র করে আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৭২/৭ ইনিংস ঘোষণা (রজার্স ৯৫, ওয়ার্নার ১০১, ওয়াটসন ৮১, স্মিথ ১১৭, মার্শ ৭৩, বার্নস ৫৮, হ্যাডিন ৯*, হ্যারিস ২৫; সামি ৫/১১২, যাদব ১/১৩৭, অশ্বিন ১/১৪২)

দ্বিতীয় ইনিংস: ২৫১/৬ ইনিংস ঘোষণা (রজার্স ৫৬, ওয়ার্নার ৪, ওয়াটসন ১৬, স্মিথ ৭১, মার্শ ১, বার্নস ৬৬, হ্যাডিন ৩১*, হ্যারিস ০*; অশ্বিন ৪/১০৫, সামি ১/৩৩, ভুবনেশ্বর ১/৪৬।

ভারত প্রথম ইনিংস: ৪৭৫ (বিজয় ০, রাহুল ১১০, রোহিত ৫৩, কোহলি ১৪৭, রাহানে ১৩, রায়না ০, ঋদ্ধিমান ৩৫, অশ্বিন ৫০, ভুবনেশ্বর ৩০, সামি ১৬*, যাদব ৪; স্ট্যার্ক ৩/১০৬, ওয়াটসন ২/৫৮, হ্যারিস ২/৯৬, লায়ন ২/১২৩, হ্যাজলউড ১/৬৪)।

ভারত দ্বিতীয় ইনিংস: ২৪৮/৭ (বিজয় ৮০, রাহুল ১৬, রোহিত ৩৯, কোহলি ৪৬, রাহানে ৩৮*, রায়না ০, ঋদ্ধিমান ০, অশ্বিন ১, ভুবনেশ্বর ২০*; স্ট্যার্ক ২/৩৬, ওয়াটসন ১/২২, লায়ন ২/১১০, হ্যাজলউড ২/৩১)।