২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বলে গেইলের অর্ধশতক!

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক এখন ক্রিস গেইলের অধিকারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব দেখান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 01:08 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শুক্রবার কেপ টাউনে মাত্র ১৭ বলে অর্ধশতকে পৌঁছান গেইল। সমান বলে অর্ধশতকে পৌঁছানোর কৃতিত্ব রয়েছে আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নেদারল্যান্ডসের স্টেফান মাইবার্গের।

টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি যুবরাজ সিংয়ের অধিকারে রয়েছে। ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতকে পৌঁছেছিলেন ভারতের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

১৭ বলে অর্ধশতকে পৌঁছানোর পথে পাঁচটি করে চার ও ছক্কা হাঁকান গেইল। অর্থাৎ ‘বাউন্ডারি’ থেকে আসে ৫০ রান। এর বাইরে একটি করে এক ও দুই রান নেন এই বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যান।

লেগস্পিনার ইমরান তাহিরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৭ রান করেন গেইল। এই রান করতে মাত্র ৩১ বল খেলেন তিনি। তার ইনিংসটি সাজানো ৮টি ছক্কা ও ৫টি চারে।

এই ইনিংস খেলার পথে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি কাইরন পোলার্ডের কাছ থেকে পুনরুদ্ধার করেন গেইল। ২০১২ সালের ২৭ মার্চ সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বলে অর্ধশতকে পৌছে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন পোলার্ড।

২০০৯ সালের ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে অর্ধশতকে পৌঁছে রেকর্ড গড়েছিলেন গেইল।

২০১২ সালের ২৪ মার্চ দুবাইয়ে আয়ারল্যান্ডের স্টার্লিং আফগানিস্তানের বিপক্ষে ১৭ বলে অর্ধশতকে পৌঁছান। গত বছর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭ বলে অর্ধশতকে পৌঁছানোর কৃতিত্ব দেখান নেদারল্যান্ডসের মাইবার্গ।