২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন মিয়াদাদের!

পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জাভেদ মিয়াদাদ মনে করছেন, আলৌকিক কিছু ঘটলেই ১৯৯২-এর পুনরাবৃত্তি হবে। দল নির্বাচনটা একেবারেই পছন্দ হয়নি তার। আইসিসির জন্য লেখা কলামে এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 09:58 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

নির্বাচক হতে হলে ‘ভিশন’ থাকতে হয়। মানছি যে, বিশ্বের যে কোন দলের নির্বাচক হওয়াটা কঠিন। আর সেটি যদি হয় পাকিস্তানের, যাদের কিনা আবার বিশ্বকাপ স্কোয়াড গঠন করতে হবে- তা আরো অনেক বেশি কঠিন।

আগামী মাসে শুরু হওয়া এই বিশ্বকাপের অনেক আগেই পাকিস্তানের সবচেয়ে ভালো দু’জন স্পিনারের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজের বোলিং করতে না পারাতেই দুঃসংবাদের শেষ না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাষ্য অনুযায়ী, ফাস্ট বোলার উমর গুলও বিশ্বকাপে খেলার মতো ফিট না।

এই তিন বোলারের মধ্যেও আমি আলাদা করে বলব সাঈদ আজমলের কথা। গত কয়েক বছর তিন ফরম্যাটে পাকিস্তানের সাফল্যের অন্যতম কারিগর ও। বিশেষত ৫০ ওভারের ক্রিকেটে। রহস্য-বোলিংয়ে খুব ভয়ঙ্কর একজন স্পিনার সে। আজমলের অনুপস্থিতি তাই পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা।

এমন গুরুত্বপূর্ণ তিন বোলার নেই। নির্বাচকরা তাই স্কোয়াড ভরিয়ে ফেললেন পাঁচ স্পেশালিস্ট ফাস্ট বোলার দিয়ে। আমার মতে, ভুলটা সেখানেই। আপনি যখন অভিজ্ঞ কাউকে কোনো কারণে পাবেন না, তখন অভিজ্ঞতা দিয়েই এর বিকল্প খোঁজার কথা ভাবতে হয়। শোয়েব মালিককে না নেওয়াটা তাই আমার দৃষ্টিতে বড় ভুল।

নির্বাচকরা বলেছেন যে, শোয়েব তাদের ভাবনায় ছিল। কিন্তু হারিস সোহেল যেহেতু বাঁহাতি স্পিনার হিসেবে বেশি কার্যকর এবং বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে বাড়তি সুবিধা পাবেন, সে কারণে নেওয়া হয়েছে ওকে। হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাতের ধীরগতির উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে হারিস হয়তো ভালো বোলিং করেছে। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেমন উইকেটে খেলা হবে, সেখানে ওর অভিজ্ঞতা কতটা আছে, নির্বাচকরা আমাকে বলতে পারেন? একেবারেই নেই।

মানছি যে, শোয়েব অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে। কিন্তু অস্ট্রেলিয়ায় ও লিগ ক্রিকেট খেলছে, আমাদের ঘরোয়া ক্রিকেটেও রান করেছে ভুরি ভুরি। নির্বাচকরা যদি পেন্টাঙ্গুলার কাপের পারফরম্যান্স দেখে সোহেল খানকে বিশ্বকাপ স্কোয়াডে রাখতে পারেন, তাহলে সুযোগটা প্রাপ্য ছিল শোয়েবেরও। ও তো শুধু ব্যাটসম্যান না, বোলার হিসেবেও হাফিজের অফ-স্পিনের শূন্যতা পারত পূরণ করতে।

মাঠের ক্রিকেট খেলে ১১ জন। তবে বেঞ্চে বসে থাকা চারজনকেও সমান ভালো হতে হয় যেন দলের প্রয়োজনে বিকল্প হিসেবে খেলতে পারে। বিশ্বকাপে পাকিস্তানের ওই বিকল্পরাও খুব ভালো বলে আমার মনে হয় না। আর শোয়েবের মতো অভিজ্ঞ ক্রিকেটার বেঞ্চে বসে থাকলেই-বা ক্ষতিটা কী!

নির্বাচকদের দলে বিশেষজ্ঞ ওপেনার দুজন- হাফিজ ও আহমেদ শেহজাদ। এদের কেউ ব্যর্থ হলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা আছে। এতে ক্ষতিটা সরফরাজের হবে বলে আমি মনে করি। কেননা সাম্প্রতিক সময়ে ও নীচের দিকে নেমে অবিশ্বাস্য খেলেছে। ইনিংস ওপেন করার দায়িত্ব যদি কাউকে নিতেই হয়, সেটি হওয়া উচিত শহীদ আফ্রিদির। প্রথম পাওয়ার প্লেতে ফিল্ডিং বাধ্যবাধকতার সুযোগ নিয়ে দলকে ঝড়ো সূচনা এনে দেওয়ার সামর্থ্য আছে ওর। আসা যাক এবার ফাস্ট বোলিং বিভাগে। খুব গভীরতা এখানে দেখছি না। হ্যাঁ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে মোহাম্মদ ইরফান হয়ে উঠতে পারে বিস্ফোরক। তবে অন্যদের অবস্থা সুবিধার না। হাঁটুর চোটের পর ফিরছে জুনাইদ খান। আর সোহেল খান, এহসান আদিল ও ওয়াহার রিয়াজ এখনো নিজেদের ম্যাচ-উইনার হিসেবে প্রমাণ করতে পারেনি। এছাড়া টেস্টের পারফরম্যান্স দেখে নির্বাচকরা দলে নিয়েছেন ইয়াসির শাহকে। এখানেও আমি মনে করি, তরুণ এই লেগ স্পিনারের কাছ থেকে চাওয়াটা বড্ড বেশি হয় যাচ্ছে। আফ্রিদির মতো লেগ স্পিনার থাকায় নির্বাচকরা বোলিং-বৈচিত্র্যের জন্য সহজেই দুই বাঁহাতি স্পিনার রাজা হাসান ও জুলফিকার বাবরের মধ্যে একজনকে নিতে পারতেন। নির্বাচক ও টিম ম্যানেজম্যান্ট যদি ভেবে থাকেন একাদশে আফ্রিদি ও ইয়াসির দুজনই খেলবে, আমি এর কোনো বাস্তব সম্ভাবনা দেখছি না। আমাদের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে বর্তমান পাকিস্তানের তুলনা করাটা কঠিন। সেবার আমাদের টপ অর্ডারে ছিল প্রচুর অভিজ্ঞতা, এই স্কোয়াডে নেই যা। অস্ট্রেলিয়াতে খেলার অনেক অভিজ্ঞতাও ছিল ’৯২-এর দলের, যা নেই এখনকার ছেলেদের। তারপরও বিশ্বকাপে আমি ওদের শুভকামনা জানাচ্ছি। ক্রিকেটে যে কোন কিছুই তো হতে পারে। কে জানে, এবার হয়তো পাকিস্তানের জন্য ‘মিরাকলেরই’ সময়!
- সৌজন্যে আইসিসি