২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ব্যাটিং সেরা, বোলিংয়ের পরীক্ষা: শ্রীনাথ

ভারতের ইতিহাসের অন্যতম সেরা পেসার জাভাগাল শ্রীনাথ। অনেক সাফল্য পেলেও বিশ্বকাপ জিততে পারেননি, গতবার যে সাফল্যে ভেসেছে উত্তরসূরিরা। বর্তমানে আইসিসি ম্যাচ রেফারি এবারের ভারত দল নিয়েও আশাবাদী। ফর্মে থাকা মুরালি বিজয় কিংবা গত বিশ্বকাপের নায়ক যুবরাজ সিংকে ২০১৫-র স্কোয়াডে না রাখায় প্রশ্ন উঠলেও আইসিসির জন্য দেওয়া নিজের কলামে নির্বাচকদের পক্ষেই কথা বলেছেন শ্রীনাথ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 07:38 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

চার বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ট্রফি ধরে রাখার অভিযানে নির্বাচকরা ১৫ সদস্যের যে স্কোয়াড এবার ঘোষণা করলেন, তাতে নেই বড়সড় কোনো চমক। আসলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতার দল নির্বাচনের সময় বড়জোড় দু-তিনটি জায়গা নিয়ে আলোচনা ও বিতর্ক হতে পারে। বাদবাকিরা নির্বাচিত হয়ে যান অনায়সে।

ওই দু-তিনটি জায়গার শূন্যতা পূরণে সাধারণত নির্ণায়ক হয়ে যায় খেলোয়াড়দের বর্তমান ফর্ম। মুরালি বিজয়ের না থাকা নিয়ে এ কারণেই ভারতজুড়ে সরগরম আলোচনা। চলতি অস্ট্রেলিয়া সফরে ও দুর্দান্ত ফর্মে আছে, যেমনটা ছিল গত বছর ইংল্যান্ডেও। হ্যাঁ, এর সবই হয়তো টেস্ট সিরিজে। তবে বিশ্বকাপটা যখন হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে, তখন বিজয় স্কোয়াডে জায়গা পাওয়ার দাবিদার ছিল নিঃসন্দেহে। আমি তাই ঠিক নিশ্চিত নই, একই দেশে খেলা হওয়ায় এক ফরম্যাটে ভালো করাদের অন্য ফরম্যাটে সুযোগ দেওয়ার ধারণা থেকে ভারতের নির্বাচকরা সরে এসেছেন কিনা।

২০১৫ বিশ্বকাপ জয়ে ওখানকার উইকেটে সাবলীল খেলাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার ধারণা। চলতি টেস্ট সিরিজজুড়ে ওই সাবলীলতা দেখিয়েছে বিজয়। এই আত্মবিশ্বাস টেনে নিয়ে বিশ্বকাপে ওর ভালো কিছু করার সম্ভাবনা ছিল নিঃসন্দেহে। ওকে স্কোয়াডে না রাখায় প্রশ্ন ওঠা তাই অস্বাভাবিক না। তবে এমনটা মেনে নেওয়ার পরও ভারতের ব্যাটিং লাইনের দিকে একবার তাকান। শিখর ধাওয়ান, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়নারা আছে। আর এমএস ধোনির কথা নাই-বা বললাম।

নির্বাচকদের তাই হয়তো মনে হয়েছে, এমন ব্যাটসম্যানদের ভিড়ে বিজয়কে সুযোগ দেওয়ার সুযোগ হয়তো তাদের নেই। এই ব্যাটিং লাইনের সঙ্গে লোয়ার অর্ডারে রবিন্দ্র জাদেজা, রবিচন্দন আশ্বিন, ভুবনেশ্বর কুমাররাও ব্যাট হাতে পারদর্শী যথেষ্ট। আমার তো মনে হচ্ছে, বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতেরই।

অবশ্য সীমিত ওভারের ক্রিকেট ব্যাটিং কখনোই ভারতের জন্য বড় সমস্যা না। তাদের বরং মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ে। আক্রমণটা কেমন হবে, কে তুলে নেবেন নেতৃত্ব- এসব বিষয়ে টিম ম্যানেজম্যান্ট এবং অধিনায়ক ধোনিকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত।

ঠিক এই মুহূর্তের কথা জিজ্ঞেস করলে আমার বাজির ঘোড়া ভুবনেশ্বর কুমার; অবশ্য যদি না ইশান্ত শর্মা ওর লাইন-লেন্থ খুঁজে পান। বিশ্বকাপের আগে-আগে অস্ট্রেলিয়ায় যে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট আছে, সেখানে ভারতের বোলিং লাইনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে। ওই টুর্নামেন্টের মাঝামাঝি সময়ই ধোনিকে ঠিক করতে হবে, বিশ্বকাপে তার প্রথম পছন্দের বোলিং আক্রমণ কী হবে। শুরুর দিকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেও ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারত যেন জানে তাদের একাদশ, যাদের ওপর বিশ্বকাপ ট্রফি ধরে রাখায় আস্থা রাখা যায়। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার আগের কয়েকটা দিন আলোচনা-আগ্রহের বড় অংশ জুড়ে ছিল যুবরাজ সিং। চার বছর আগে দেশকে শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিল যে। এবার সেখানে থাকতে পারল না স্কোয়াডের ১৫ জনেই! আমি নিশ্চিত যে, ও নিজে ভীষণ হতাশ আর ওর প্রতি সহানুভূতি দেখানোর লোকও অনেক, বিশেষ করে রঞ্জি ট্রফিতে টানা তিন সেঞ্চুরি করার পর। তবে আমার কাছে ব্যাপারটি পরিষ্কার। ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে যখন যুবরাজের নাম ছিল না, ওর বিশ্বকাপ খেলার সম্ভাবনার মৃত্যু সেখানেই। আর ২০১৩-এর ডিসেম্বরের পর ওয়ানডেও যেহেতু খেলেনি, যুবরাজ বিশ্বকাপ স্কোয়াডে থাকলে সেটি বরং হত অবাক করা ব্যাপার। তো নির্বাচকরা যে স্কোয়াড দিলেন, সেটি কি ভারতকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতাতে সক্ষম? এ প্রশ্নের জবাব কিভাবে দেব, ঠিক বুঝতে পারছি না। শেষ পর্যন্ত পুরোটাই আসলে নির্ভর করে ওই নির্দিষ্ট দিনে ভারত কেমন খেলল কিংবা এত দীর্ঘ সময়ে টুর্নামেন্টে কিভাবে উদ্দীপনা ধরে রাখতে পারল। ভারত কিংবা অন্য যে কোন দলই বিশ্বকাপে কত দূর যাবে- সেটি নির্ণয়ে এই ব্যাপারগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। -সৌজন্যে আইসিসি