নিউ জিল্যান্ড বিশ্বকাপ দলে চমক এলিয়্ট
বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে গিয়ে অভিজ্ঞতার ওপর বেশ জোর দিয়েছে নিউ জিল্যান্ড। ২০১৫ বিশ্বকাপের সহ-আয়োজক দলটিতে সুযোগ পেয়েছেন পয়ত্রিশোর্ধ তিন ক্রিকেটার গ্র্যান্ট এলিয়ট, ড্যানিয়েল ভেটোরি আর কাইল মিলস।
নিউ জিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বাঁহাতি স্পিনার ভেটোরির দলে জায়গা পাওয়াটা প্রায় নিশ্চিতই ছিল। তবে এক বছরেরও বেশি সময় ধরে দলটির হয়ে কোনো ওয়ানডে না খেলা অলরাউন্ডার এলিয়টের দলে জায়গা পাওয়া বিস্ময় হয়েই এসেছে।
বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণার সময় নিউ জিল্যান্ডের কোচ মাইকে হেসন এলিয়টকে দলে নেয়ার পক্ষে যুক্তি দেখান।
“আমাদের ব্যাটিং বিভাগের ভালো গভীরতা আছে এবং গ্র্যান্টের অন্তর্ভূক্তিতে মিডলঅর্ডারে শক্তি বাড়াটা নিশ্চিত হয়েছে। সে অনেক অভিজ্ঞতা এনে দিয়েছে এবং নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়ার কন্ডিশনে তার রেকর্ড অসাধারণ।”
দলের বোলিং আক্রমণটা পেস নির্ভরই করতে চেয়েছে নিউ জিল্যান্ড। হেসন আগেই ইঙ্গিত দেন, দলে অন্তত ৫ জন পেসার থাকবে। পেস বোলারদের দলে থাকার লড়াইয়ে ম্যাট হেনরিকে পেছনে ফেলে জায়গা করে নেন অ্যাডাম মিলনে।
ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা তার চেয়ে বেশি গতিতে বল করার সামর্থ্যই মিলনেকে এগিয়ে রাখে বলে মনে করেন অনেকে।
তরুণ মিলনের সঙ্গে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের পেস আক্রমণ সামলাবেন দুর্দান্ত ফর্মে থাকা টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট এবং চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ মিলস।
নিউ জিল্যান্ডের স্পিন আক্রমণ সামলাতে সাবেক অধিনায়ক ভেটোরির সঙ্গে আছেন নাথান ম্যাককালাম। আর অনিয়মিত স্পিনার হিসেবে আছেন টপঅর্ডার ব্যাটসম্যান কেন উইলিয়ামসনও।
টেস্টের উদ্বোধনী ব্যাটসম্যান টম ল্যাথামকে দলে রেখেছে নিউ জিল্যান্ড। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ইনিংস উদ্বোধন করার বিষয়টি নিশ্চিত করায় ল্যাথামের মিডলঅর্ডারে খেলার সম্ভাবনাই বেশি।
ল্যাথাম উইকেটরক্ষক লুক রনকির বিকল্প হিসেবেও থাকবেন।
কোরি অ্যান্ডারসনের মতো অলরাউন্ডার দলে থাকায় নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপের গভীরতা অনেক বেড়ে গেছে। এ ছাড়া ভেটোরি, নাথান ম্যাককালাম, টিম সাউদি ও মিলসরাও শেষের দিকে দ্রুত রান তুলতে পারেন।
বিশ্বকাপের উদ্বোধনী দিন ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে নিউ জিল্যান্ড।
ফাইনালের আগে পর্যন্ত নিজেদের সবগুলো ম্যাচই দেশের মাটিতে খেলবে নিউ জিল্যান্ড। ২৯ মার্চ বিশ্বকাপের ফাইনাল হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।
বিশ্বকাপের নিউ জিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাকালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টম ল্যাথাম, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেটোরি, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, টিম সাউদি, লুক রনকি, রস টেইলর।
