২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান, স্কটল্যান্ডকে নিয়ে সতর্ক বাংলাদেশ

আফগানিস্তান ও স্কটল্যান্ডকে নিয়ে সতর্ক রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে এই দুই দেশকে ছোট করে দেখার ভুল করতে রাজি নয় তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 06:53 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেন, “বিশ্বকাপে কোনো দলকে হালকাভাবে নেয়া যাবে না। কারণ, আমরা সবাই ভিন্ন কন্ডিশনে খেলবো। আমরা প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেব আর নিজেদের সেরাটা খেলার চেষ্টা করবো।”

বাংলাদেশের কোচ জানান, আফগানিস্তান ও স্কটল্যান্ডকে নিয়ে সতর্ক থাকবেন তারা। ১৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গত বছর দেশের মাটিতে এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের নেলসনে খেলবে বাংলাদেশ। হাথুরুসিংহে জানান, এই ভেন্যু তাদের জন্য পুরোপুরি অচেনা।

“প্রতিটি ম্যাচ আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের ভালো সম্ভাবনা থাকবে।”

হাথুরুসিংহে মনে করেন, সব দলের মতো বাংলাদেশের জন্যও বিশ্বকাপ বড় চ্যালেঞ্জ হবে।

“আমি চাই, আমার দল তার সামর্থ্য অনুযায়ী খেলুক। যেদিন আমাদের কেউ খুব ভালো খেলবে, সেদিন প্রতিপক্ষের বাজে কাটলে আমাদের জেতার সম্ভাবনা রয়েছে।”

বাংলাদেশ দল ও বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত হাথুরুসিংহে। তার বিশ্বাস, বড় দলগুলোকে চমকে দেয়ার সামর্থ্য মাশরাফি বিন মুর্তজাদের রয়েছে।

“যদি আমরা কন্ডিশন বুঝতে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো বড় দলকে হারানো সম্ভব। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গেম প্ল্যান সাজানো আমার জন্য বিশেষ কিছু হবে।”