২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েলিংটনেও হারল শ্রীলঙ্কা

লক্ষ্যটা ভীষণ কঠিন ছিল শ্রীলঙ্কার জন্য, তাই তাড়া করতে যায়নি অতিথিরা। তাদের ম্যাচ বাঁচানোর প্রচেষ্টাও সফল হয়নি স্বাগতিকদের দারুণ বোলিংয়ে। পঞ্চম দিনের প্রথম দুই সেশনে শ্রীলঙ্কার শেষ নয় উইকেট তুলে নিয়ে বড় জয় পেয়েছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 11:12 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

ওয়েলিংটন টেস্ট ১৯৩ রানে জিতেছে নিউ জিল্যান্ড। এর আগে ক্রাইস্টচার্চ টেস্ট ৮ উইকেটে জেতে স্বাগতিকরা। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলেন ব্রেন্ডন ম্যাককালামরা।

জয়ের জন্য শেষ দিন আরো ৩৪৫ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার, হাতে ছিল ৯ উইকেট।

বুধবার বেসিন রিজার্ভে ১ উইকেটে ৪৫ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই হারায় ‘নাইট ওয়াচম্যান’ ধাম্মিকা প্রসাদ ও প্রথম ইনিংসে দ্বিশতক করা কুমার সাঙ্গাকারাকে।

অর্ধশতকে পৌঁছানোর পর বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল সিলভা। মধ্যাহ্ন-বিরতির আগে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায় অতিথিদের বিপদ আরো বাড়িয়ে তুলে।

ম্যাথিউসের বিদায়ের সময় শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১০ রান।

এরপর লাহিরু থিরিমান্নে ছাড়া আর কেউ ভালো করতে না পারায় দুইশ’ পর্যন্তও যেতে পারেনি প্রথম ইনিংসে ১৩৫ রানের বড় লিড নেয়া শ্রীলঙ্কার সংগ্রহ।

৩৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৬ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। থিরিমান্নে অপরাজিত থাকেন ৬২ রানে।

নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ক্রেইগ ৪ উইকেট নেন ৫৩ রানে।

প্রথম ইনিংসে ৬৯ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৪২ রানের চমৎকার দুই ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কেন উইলিয়াসন। দ্বিতীয় ইনিংসে বিজে ওয়াটলিংয়ের সঙ্গে তার বিশ্ব রেকর্ড গড়া জুটির কারণেই অতিথিদের বড় লক্ষ্য দেয় নিউ জিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড:

প্রথম ইনিংস: ২২১ (ল্যাথাম ৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৬৯, টেইলর ৩৫, ম্যাককালাম ০, নিশাম ১৫, ওয়াটলিং ১১, ক্রেইগ ৭, ব্রেসওয়েল ১৬, সাউদি ০, বোল্ট ১৬*; প্রদিপ ৪/৬৩, লাকমাল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথিউস ১/২৯)।

দ্বিতীয় ইনিংস: ১৭২ ওভারে ৫২৪/৫ (ইনিংস ঘোষণা) (ল্যাথাম ৩৫, রাদারফোর্ড ৪০, উইলিয়ামসন ২৪২*, টেইলর ০, ম্যাককালাম ২২, নিশাম ১৯, ওয়াটলিং ১৪২*; প্রদিপ ৩/১১৭, প্রসাদ ১/১০২, হেরাথ ১/১৫৪)।

শ্রীলঙ্কা:

প্রথম ইনিংস: ৩৫৬ (করুনারত্নে ১৬, সিলভা ৫, সাঙ্গাকারা ২০৩, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৫, প্রসন্ন জয়াবর্ধনে ৬, চান্দিমাল ৬৭, প্রসাদ ১১, হেরাথ ১৫, লাকমাল ৫, প্রদিপ ০*; নিশাম ৩/৪২, ব্রেসওয়েল ৩/৯৩, বোল্ট ২/৭৫, ক্রেইগ ১/৫৫, সাউদি ১/৮৭)

দ্বিতীয় ইনিংস: ৭২.৪ ওভারে ১৯৬ (করুনারত্নে ১৭, সিলভা ৫০, প্রসাদ ৬, সাঙ্গাকারা ৫, থিরিমান্নে ৬২, ম্যাথিউস ৮, প্রসন্ন জয়াবর্ধনে ১০, চান্দিমাল ১৩, হেরাথ ০, লাকমাল ৬, প্রদিপ ১*; ক্রেইগ ৪/৫৩, ব্রেসওয়েল ২/২৫, বোল্ট ২/৫৫, সাউদি ১/৪১)।

ম্যাচ সেরা: কেন উইলিয়ামসন।