টেস্ট শ্রেষ্ঠত্বে দক্ষিণ আফ্রিকার হ্যাটট্রিক
টানা তিন বছর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করার কৃতিত্ব গড়েছে দক্ষিণ আফ্রিকা।
২০০৯ সালের নভেম্বরে প্রথম টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। আর ২০১২ সালের অগাস্ট থেকে শীর্ষস্থানটা নিজেদের দখলে রেখেছে দেশটি।
ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে হারিয়ে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জেতে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে টেস্ট সেরা দলের স্বীকৃতি হিসেবে ‘রাজদণ্ড’ দখলে রাখার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ পুরস্কারও পায় তারা।
মঙ্গলবার কেপটাউন টেস্ট শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলার হাতে ৫ লাখ মার্কিন ডলারের চেক তুলে দেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
সাধারণত এপ্রিল মাসের ১ তারিখ পর্যন্ত র্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান এই পুরস্কারের জন্য ধরা হয়। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ বিশ্বকাপ হওয়ায় বর্তমানের সিরিজগুলো শেষে ওই সময়ের মধ্যে আর কোনো টেস্ট ম্যাচ হবে না।
টেস্ট র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১২৪। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজের শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১১৯। হারলেও অবশ্য তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় সেরা দল হিসেবে তারা পাবে ৩ লাখ ৯০ হাজার ডলার।
তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৪। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তান। এই দুই দল যথাক্রমে পাবে ২ লাখ ৮০ হাজার এবং ১ লাখ ৭০ হাজার ডলার।
৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।
