২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে জনসনের পরিবর্তে স্ট্যার্ক

ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের দলে এসেছেন মিচেল স্ট্যার্ক। চোটে পড়া মিচেল জনসনের জায়গায় বাঁ-হাতি এই পেসারকে দলে নিয়েছেন দেশটির নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 02:31 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জনসনের চোট পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং)। চোট খুব গুরুতর না হলেও আগামী মাসে শুরু হতে চলা বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দেয়া হয় বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিডনিতে আগামী মঙ্গলবার শুরু হবে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। এর আগে সোমবারের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জনসনের চোট নিয়ে কথা বলেন।

“সামনের ওয়ানডেগুলো আর বিশ্বকাপের জন্য তাকে সতেজ চাই আমরা। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।”

ব্রিসবেনে ভারতের বিপক্ষে ৪ উইকেটে জেতা ম্যাচে ২ উইকেট নেয়ার পাশাপাশি অর্ধশতকও করেন স্ট্যার্ক।

২৪ বছর বয়সী স্ট্যার্ক ১৪ টেস্টে ৪৫ উইকেট নেন।

গত মঙ্গলবার মেলবোর্নে তৃতীয় টেস্ট ড্র করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ৪ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এর আগে অ্যাডিলেইডে প্রথম টেস্ট ৪৮ রানে আর ব্রিসবেনে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জেতে স্বাগতিকরা।