২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির সঙ্গে রুবেল, তাসকিন, আল-আমিন

এবারের বিশ্বকাপটা অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে বলে বাংলাদেশের বোলিং আক্রমণে বরাবরের তুলনায় ভিন্নতা আনতে হয়েছে। দলে বাড়ানো হয়েছে পেসারের সংখ্যা। তবে সবাই মোটামুটি ফর্মে থাকায় পেসারদের বাছাই করতে গিয়ে কাকে রেখে কাকে বাদ দেবেন, এই সমস্যায় পড়েছিলেন নির্বাচকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 10:52 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

চোটের কারণে প্রায়ই ক্রিকেট থেকে বাইরে থাকতে হয় শফিউল ইসলামকে। বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এই পেসার বাদ পড়েছেন বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল থেকে।

ফর্ম আর পরিসংখ্যান বিবেচনা করে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বিশ্বকাপের দলে রাখা হয় রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদকে।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবং প্রধান নির্বাচক ফারুক আহমেদ পেস আক্রমণ নিয়ে ব্যাখ্যা দেন।

মাশরাফির সঙ্গে তরুণ পেসার তাসিকনকে রাখা নিয়ে কোনো সংশয়ে পড়তে হয়নি নির্বাচকদের। তবে রুবেল, শফিউল, আল-আমিনের মধ্যে কাকে বাদ দেয়া হবে, এ নিয়ে তাদের অনেক ভাবতে হয়েছে বলে জানান নাজমুল।

“পেস অপশন নিয়েও আমাদের সিদ্ধান্ত নেয়ার ব্যাপার ছিল। আল-আমিন, রুবেল, শফিউল এই তিনজনের মধ্যে কাকে নেয়া হবে, কাকে নেয়া হবে না।”

ফারুক শফিউলের বদলে রুবেল ও আল-আমিনকে দলে রাখার ব্যাখ্যা দেন।

“রুবেল তো অত্যন্ত ফর্মে আছে। আল-আমিন সম্ভবত ২০১৩ এর সবচেয়ে সেনসেশন বোলার। সম্ভবত শেষ তিন-চারটা ম্যাচ সে ফর্মে ছিল না। কিন্তু ওর ক্যালিভার ভালো এবং গত এক বছর যে বল করেছে তা ওকে এগিয়ে রেখেছে।”

শফিউলকে ১৫ সদস্যের দলে না রাখার ব্যাখ্যাটাও পরে দেন ফারুক।

“শফিউলও ওয়ানডে আমাদের চিন্তাভাবনায় ছিল। কিন্তু শফিউল চোট-প্রবন। এই কারণে অনেকগুলো ম্যাচ সে খেলতে পারেনি। ওর বাদ পড়ার এটাও একটা কারণ। আমার মনে হয়, অস্ট্রেলিয়াতে আল-আমিন ভালো করবে।”

শফিউলকে ১৫ সদস্যের দলে না রাখলেও স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়াগামী দলের সঙ্গে নিয়ে যাওয়ার চিন্তা করছে বোর্ড। ব্রিসবেনে দুই সপ্তাহর অনুশীলনে নেট বোলারের সংকট যেন না হয় আর কেউ চোটে পড়লে তাকে কাজে লাগানোর চিন্তা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান ফারুক।