আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক
আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম ব্যাংক। সুপার সিক্সের শেষ রাউন্ডে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটিকে ৯ উইকেটে সহজেই হারিয়েছে তারা।
সৌম্য সরকারের অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংকের বিপক্ষে প্রতিরোধ গড়তেই পারেনি আবাহনী।
২৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় আবাহনীর ইনিংস। তবে লিটন কুমার ও নাসির হোসেনের ব্যাটে সেই ধাক্কা সামলে উঠেছিল তারা। কিন্তু শেষ দিকে আবার নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় খুব বেশি দূর যেতে পারেনি জিয়াউরের দল।
নাসির হোসেন ৫৫ রান করে আউট হন। আর লিটন করেন ৩৯ রান। তৃতীয় উইকেট জুটিতে দুজনে ৭২ রান তোলেন।
৩৮ রানে শেষ ৭ উইকেট হারায় আবাহনী। ৩ উইকেটে ১২২ রান থেকে ১৬০ রানে অলআউট হয়ে যায় তারা।
প্রাইম ব্যাংকের পক্ষে ফরহাদ রেজা ১৭ রানে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট পান সৌম্য ও এনামুল হক জুনিয়র।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকারের ব্যাটে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলী ৭২ বলে অপরাজিত ৫৮ রান করেন। ২২.৩ ওভার হাতে রেখে একটি মাত্র উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে নেয় প্রাইম ব্যাংক।
