২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দিনে এগিয়ে নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে দুই দলের বোলাররা নিয়েছেন ১৫টি উইকেট। দিন শেষে অবশ্য কিছুটা এগিয়ে স্বাগতিকরাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 02:05 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ২২১ রানের জবাবে ৫ উইকেটে ৭৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারী শ্রীলঙ্কা। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন কুমার সাঙ্গাকারা।

শনিবার টস জিতে বেসিন রিজার্ভের সবুজ উইকেটে স্বাগতিকদের ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

৬২ রানে ২ উইকেট হারালেও প্রথম সেশনটা নিজেদের করে নেয় নিউ জিল্যান্ড। আর কোনো উইকেট না হারিয়ে ৯৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরেও ভালোই ব্যাট করছিল স্বাগতিকরা; কিন্তু হঠাৎই উইকেট কাজে লাগিয়ে সুইং ও বাউন্স পেতে থাকেন বোলাররা। ২ উইকেটে ১৪১ থেকে ২২১ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

৮০ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারায় স্বাগতিকরা।

নিউ জিল্যান্ড দুইশ’ রান পেরোতে পারে মূলত কেন উইলিয়ামসন আর রস টেইলরের কল্যাণে। তৃতীয় উইকেট জুটিতে ১৫.৫ ওভারে ৪.৯৮ গড়ে ৭৯ রান তোলেন তারা। ধাম্মিকা প্রসাদের বলে বোল্ড হওয়ার আগে ১১৫ বলে ৯ চারে ৬৯ রান করেন উইলিয়ামসন। আর টেইলর আউট হন ৩৫ রান করে। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন নুয়ান প্রদিপ। এছাড়া সুরঙ্গা লাকমাল ৩টি আর প্রসাদ ২টি উইকেট পান। নিউ জিল্যান্ডের ছোট সংগ্রহের পরও প্রথম ইনিংসে শ্রীলঙ্কা পিছিয়ে থাকার শঙ্কায় আছে। ডগ ব্রেসওয়েলের অসাধারণ বোলিংয়ে শেষ বিকেলে এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। এক সেশনেরও কম সময় ব্যাট করে শ্রীলঙ্কা; এর মধ্যেই ৫ ব্যাটসম্যানকে হারায় তারা। টেস্টে ১২ হাজার রান পূর্ণ করে অপরাজিত থাকা সাঙ্গাকারার ওপরই এখন ভরসা অতিথিদের। নিউ জিল্যান্ডের পক্ষে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রেসওয়েল। টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট নেন একটি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ৫৫.১ ওভারে ২২১ (ল্যাথাম ৬, রাদারফোর্ড ৩৭, উইলিয়ামসন ৬৯, টেইলর ৩৫, ম্যাককালাম ০, নিশাম ১৫, ওয়াটলিং ১১, ক্রেইগ ৭, ব্রেসওয়েল ১৬, সাউদি ০, বোল্ট ১৬*; প্রদিপ ৪/৬৩, লাকমাল ৩/৭১, প্রসাদ ২/৫০, ম্যাথিউস ১/২৯)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৫.৪ ওভারে ৭৮/৫ (করুনারত্নে ১৬, সিলভা ৫, সাঙ্গাকারা ৩৩*, থিরিমান্নে ০, ম্যাথিউস ১৫, প্রসন্ন জয়াবর্ধনে ৬; ব্রেসওয়েল ৩/২৩, বোল্ট ১/১৮, সাউদি ১/৩০)।