সোহাগের পরীক্ষার আবেদন
সোহাগ গাজীর বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোলিং নিষিদ্ধ থাকা সোহাগের অনানুষ্ঠানিক পরীক্ষা হচ্ছে না; আনুষ্ঠানিক পরীক্ষাই দিতে হচ্ছে তাকে। এতে ব্যর্থ হলে অন্তত এক বছর আর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে না পারা সোহাগ।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগের বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য আমরা আবেদন করেছি। পরীক্ষার স্থান ও সময় এখনো ঠিক করেনি আইসিসি।”
ঢাকা প্রিমিয়ার লিগে খেলে নিজের বোলিং অ্যাকশন ঠিক করার সুযোগ পান সোহাগ। তার বিশ্বাস, পরীক্ষায় এবার উতরাতে পারবেন তিনি।
তিনি জানান, বারবার অনুশীলন করে বোলিং অ্যাকশন ঠিক করেন তিনি।
“ভিডিওতে দেখা গেছে, বোলিং অ্যাকশন এখন ঠিকই আছে। তাই বোর্ডকে পরীক্ষার কথা জানিয়েছি।”
গত বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।
বিশ্লেষণে দেখা যায়, সোহাগের সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়।
