দক্ষিণ আফ্রিকা দলে নতুন মুখ হ্যারমার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ সাইমন হ্যারমারকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
এই মৌসুমে ঘরোয়া লিগের চার দিনের ম্যাচের প্রতিযোগিতায় ৩ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে দ্বিতীয় সেরা উইকেটশিকারী হন হ্যারমার। লোয়ার অর্ডারে ভালো ব্যাটও করতে পারেন ২৫ বছর বয়সী এই অফ-স্পিনার।
দলে ডাক পেলেও হ্যারমারকে একাদশে সুযোগ পেতে লেগ স্পিনার ইমরান তাহিরের সঙ্গে লড়তে হতে পারে।
পোর্ট এলিজাবেথে ড্র হওয়া দ্বিতীয় টেস্টে ১০৮ রানে ৩ উইকেট নেন তাহির।
আগামী শুক্রবার কেপটাউনের নিউল্যান্ডসে শুরু হবে তিন টেস্টের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
