জনসনের বাউন্সার কোহলির হেলমেটে
অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল অ্যাডিলেইড। মিচেল জনসনের একটি বাউন্সার আঘাত করেছিল বিরাট কোহলির হেলমেটে। আর এতেই অ্যাডিলেইড টেস্টের দর্শক, ধারাভাষ্যকার আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা চিন্তায় পড়ে গিয়েছিল।
খুব বেশি দ্রুত গতির বল ছিল না, ঘন্টায় ৮৯.৩ মাইল। জনসনের বলটি খুব বেশি উঁচুতেও ওঠেনি। কিন্তু কোহলি বলটি বুঝতে ভুল করেন। বলের দিক থেকে চোখ সরিয়ে তিনি মাথা নিচু করেছিলেন। বলটি গিয়ে আঘাত হানে তার হেলমেটে।
বুধবার টেস্টের তৃতীয় দিনের এই ঘটনায় কোহলি ব্যথা না পেলে কি হবে, ধক করে উঠেছিল বোলার জনসনসহ অ্যাডিলেইডে উপস্থিত সবার বুক।
জনসন সঙ্গে সঙ্গেই কোহলির দিকে দৌড়ে যান। দেখার চেষ্টা করেন তার কিছু হলো কিনা। ধারাভাষ্যকার বলে ওঠেন 'ওয়াহহহ"। পুরো স্টেডিয়ামই যেন এই শব্দ করে ওঠে। মাঠের সব প্রান্ত থেকে দৌড়ে আসে অস্ট্রেলিয়ার ফিল্ডাররা।
আসলে এক মুহূর্তের জন্য পুরো অ্যাডিলেইড তখন চলে গিয়েছিল তিন সপ্তাহ পেছনে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শন অ্যাবটের সেই বাউন্সার আর ফিলিপ হিউসের মাথায় আঘাত লাগার সেই ঘটনার সময়টা তখন খেলা করছিল সবার মনে।
শেষ পর্যন্ত অবশ্য সবাই স্বস্তির নি:শ্বাস ছেড়ে বাঁচে। আর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা কোহলিও এই ধকল সামলে দারুণ এক শতক তুলে নেন।
