২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের ঝড়ো শতকে আবাহনীর জয়

লিটন কুমার দাসের ঝড়ো শতকে দারুণ এক জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 05:17 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

আবাহনীর ৭ উইকেটে জয়ের নায়ক উদ্বোধনী ব্যাটসম্যান লিটন ১০৮ রান করেন ৭৭ বল খেলে। তার ইনিংসটি ১০টি চার ও ৫টি ছক্বায় গড়া।

দশম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ১৮ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া ক্রিকেট একাডেমির পয়েন্ট ১৪।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১৮৫ রানে অলআউট হয়ে যায় ক্রিকেট একাডেমি।

সর্বোচ্চ ৮৩ রান করেন সাব্বির রহমান। তার ৬৪ বলের ইনিংসটি ৬টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন।

এই দুইজন ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ আর বড় হয়নি পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা ক্রিকেট একাডেমির।

আবাহনীর সাকলাইন সজীব ও আল-আমিন হোসেন দুটি করে উইকেট নেন।

জবাবে ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

আব্দুল মজিদের সঙ্গে লিটনের ১৪৭ রানের উদ্বোধনী জুটি আবাহনীকে সহজ জয়ের পথে নিয়ে যায়।

মেহেদী হাসানের বলে নাজমুল হোসেনের ক্যাচে পরিণত হয়ে লিটন বিদায় নিলে ভাঙে ২৪ ওভার ৩ বল স্থায়ী জুটি।

লিটনের বিদায়ের পর মজিদ (৪৫) ও রকিবুল হাসান (১৭) দ্রুত ফিরলেও ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।