নিষেধাজ্ঞা থেকে সেনানায়েকে ও উইলিয়ামসনের মুক্তি
নিজেদের বোলিং অ্যাকশন পাল্টে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অনুমতি পেয়েছেন শ্রীলঙ্কার সাচিত্রা সেনানায়েকে এবং নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন।
মঙ্গলবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানায়, পুনরায় নিজেদের বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর আগে এই দুই বোলার তাদের অ্যাকশনে পরিবর্তন আনে। পরীক্ষায় দেখা গেছে, বল করার সময় তাদের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির মধ্যেই বাঁকে।
গত ৩১ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে চতুর্থ ওয়ানডেতে সন্দেহজনক বোলিং ভঙ্গির জন্য অভিযুক্ত হন সেনানায়েকে।
পরে পরীক্ষায় তার বোলিং অবৈধ প্রমাণিত হওয়ায় আইসিসি তার বোলিং নিষিদ্ধ করে।
শ্রীলঙ্কার বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে আছেন সেনানায়েকে। আর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সাত ওয়ানডের সিরিজের পঞ্চম ম্যাচের দলেও ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। বুধবার পাল্লেকেলেতে হবে ম্যাচটি।
আর কিউই স্পিনার উইলিয়ামসন গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্টে সন্দেহজনক বোলিং ভঙ্গির জন্য অভিযুক্ত হন। পরে তার বোলিং অবৈধ প্রমাণিত হওয়ায় আইসিসি তার বোলিং নিষিদ্ধ করে।
গত ১৩ মাসে ৯ জন অফ-স্পিনার অবৈধ বল করার সন্দেহে অভিযুক্ত হয়। একই কারণে বাংলাদেশের পেসার আল আমিন হোসেনও অভিযুক্ত হয়েছিলেন। তবে পরে আইসিসির পরীক্ষা দেখা যায়, তার বোলিং অ্যাকশন ঠিকই আছে।
