নিউ জিল্যান্ডের বিশ্বকাপ ভাবনায় নেই রাইডার
নিজের মাঠে ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না জেসি রাইডারের। বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলে এই মারকুটে ব্যাটসম্যানকে রাখেননি নিউ জিল্যান্ডের নির্বাচকেরা।
গত মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউ জিল্যান্ড ‘এ’ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন রাইডার। এ কারণে তার বিশ্বকাপের দলে ঠাঁই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।
গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের হয়ে শেষ খেলা রাইডারকে বিশ্বকাপের প্রাথমিক দলে না রাখার প্রসঙ্গে তার ‘খেয়ালী’ আচরণের কথাই তুলে ধরেন প্রধান নির্বাচক ব্রুস এডগার।
“যখন সে ‘এ’ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিল, তখন সে প্রকৃত কোনো তথ্য আমাদের দেয়নি। এ কারণে বিশ্বকাপের দলে রাখা নিয়ে তার ওপর আমাদের পর্যাপ্ত আস্থা ছিল না।”
শৃঙ্খলা নষ্ট, মাঠের বাইরে মারামারি, নিষিদ্ধ উপাদান নেওয়া-গত তিন বছরে এমন অনেক অপ্রীতিকর কাণ্ডের জন্ম দিয়েছেন রাইডার। গত বছর মার্চে পানশালার বাইরে মারামারি করে তো প্রাণই হারাতে বসেছিলেন তিনি।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসর।
