২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউসের পরিণতি হয়নি ফিলিপসের

বেঁচে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ওমার ফিলিপস। মাথায় সজোরে বল লাগলেও অস্ট্রেলিয়ার ফিলিপ হিউসের মতো পরিণতি হয়নি বার্বাডোজের এই ব্যাটসম্যানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 06:05 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে বার্বাডোজ আর উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের ম্যাচে ব্যাট করার সময় হেলমেট পরে থাকার পরও মাথার পেছন দিকে বল লাগে ফিলিপসের। মাঠে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফিলিপসের মাথার সিটি স্ক্যান করানো হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়, রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি।

ফিলিপসের মাথায় অবশ্য বোলারের বল আঘাত করেনি। তিনি ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তে। তার সঙ্গী ব্যাটসম্যানের একটি শট থেকে বল তার মাথায় গিয়ে লাগে।

২৮ বছর বয়সী বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপস ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট খেলেন। দুটিই ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে।

২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।

সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরও চেতনা ফিরে পাননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৭ নভেম্বর তিনি মারা যান।