বিষফোঁড়া কেটে ফেলার হুমকি বিসিবি সভাপতির
লুৎফর রহমান বাদলের মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করার কোনো চেষ্টা করা হলে বিসিবি কঠোর হতে একটুও দ্বিধা করবে না।
বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, “অনেকে উত্তেজিত, কারো কারো মন খারাপ। আমি তাদের উত্তেজিত হতে বা মন খারাপ করতে না করেছি। তার (বাদল) কথাবার্তা আপত্তিজনক, আমি এটা দেখব। যার যা প্রাপ্য তাকে তা দেয়া হবে।”
দেশের ক্রিকেটকে ভালো রাখতে প্রয়োজনীয় সব কিছুই করা হবে জানিয়ে নাজমুল হাসান বলেন, “কতগুলো বিষফোঁড়া যদি থেকে থাকে, আমরা তা কেটে ফেলতে দ্বিধা করবো না। কতগুলো মানুষ যা ইচ্ছে বলে যাবে গণমাধ্যমে; একেবারে জঘন্য মিথ্যা কথা, এগুলো মেনে নেয়ার মতো মানুষ আমি না।”
অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে নাজমুল হাসান জানান, সাকিবের নিষেধাজ্ঞা কমাতে অনেকে অনুরোধ করেছিলেন। সেই সময়ে বাংলাদেশ খুব খারাপ করছিল। তিনি খেললে দল জিতবে জানার পরও সিদ্ধান্ত থেকে সরে আসেনি বিসিবি।
“আমরা বিশৃ্ঙ্খল কিছু রাখব না। আমাদের ক্রিকেটকে নষ্ট করার কোনো চেষ্টা করা হলে আমরা কঠোর হতে একটুও দ্বিধা করবো না। সাকিবের মতো খেলোয়াড়কে ছাড়া যদি আমরা এতোগুলো ম্যাচ খেলতে পারি; তখন অন্য যারা বাইরে থেকে লাফালাফি করছে তাদের ছাড় দেয়ার বা নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।”
বিসিবি সভাপতির কাছে এক চিঠিতে চারটি ব্যাপারে অভিযোগ করেন লেজেন্ডস অব রূপগঞ্জের মালিক বাদল। তার অভিযোগের ব্যাপারে খোঁজ নেবেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ভিন্ন কথা। কিন্তু তার অভিযোগ যদি প্রমাণ করতে না পারে পরিণতি কি হবে আপনারা বুঝতেই পারছেন্।”
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জের হারের পর বাদল বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠেন।
“আর এরা তো সব চোরচোট্টা। আমি মনে করি, সব কটাই চোর।”
তিনি জানান, প্রয়োজনে লিগ থেকে দল প্রত্যাহার করবেন তিনি।
বিসিবি সভাপতি প্রসঙ্গে বাদল বলেন, “মুখে যত বড় কথাই বলুন, উনি নিজে এই ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। ওনার কর্মচারী মল্লিককে (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক) দিয়ে সব করানো হয়। সে-ই সূচি থেকে শুরু করে মাঠ, আম্পায়ার বোর্ডের সব কিছু করে।”
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক হিসেবে অভিহিত করেন বাদল।
“বোর্ড সভাপতি বেক্সিমকোর চাকুরে। মল্লিক আরো নিচের পোস্টে চাকরি করে। সিম্পল চাকর সে। চাকর-বাকরদের দিয়ে ক্রিকেট চালালে দেশের ক্রিকেটের উন্নতি হবে কীভাবে?”
এদিকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে, বাদলের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিসিবি।
