নাজমুলের ঘূর্ণিতে আবাহনীর সহজ জয়
বোলারদের দাপটে আরেকটি সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে দলটি।
বোলারদের নৈপুণ্যে আবাহনীর লক্ষ্য ছিল মাত্র ১৬০ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের অর্ধশতকে ৮ উইকেটের বড় জয় পায় তারা। মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ম্যাচ সেরা নাজমুল অপু।
অষ্টম রাউন্ড শেষে ষষ্ঠ এই জয়ে আবাহনীর পয়েন্ট ১২। রান রেটে কলবাগান ক্রিকেট অ্যাকাডেমিকে পেছনে ফেলেছে তারা। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ১৫৯ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।
সর্বোচ্চ ৪৫ রান করে সোহরাওয়ার্দী শুভ। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন ইমরুল কায়েস। এই দুই জন ছাড়া আর কেউ ভালো করতে না পারায় লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি ভিক্টোরিয়া।
আবাহনীর সাকলাইন সজীব ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।
